মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অস্ত্রোপচার

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের (৫৩) শরীরে আজ শুক্রবার অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বোমা হামলা চালিয়ে তাঁকে হত্যাচেষ্টা চালানো হয়। দেশটির নেতারা নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার পর দ্রুত নাশিদকে দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে তিনবার অস্ত্রোপচার করতে হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) একটি দল শনিবার এ ঘটনার তদন্তে সহায়তা করতে আসছে।

নাশিদের ওপর হামলাকে দেশটির গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সলিহ। তিনি এ ঘটনায় দোষীদের শক্ত আইনের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন।

দেশটির পুলিশ বলছে, ঘটনার তদন্তে জাতিসংঘও সহায়তা করবে।

মালদ্বীপের পুলিশ বলছে, গত বৃহস্পতিবারের ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখা হচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশকে তথ্য দিতে জনগণকে আহ্বান জানানো হয়েছে। পুলিশ বলেছে, বৃহস্পতিবার মালেতে নাশিদ যখন তাঁর গাড়ি থেকে নামেন, তখন মোটরসাইকেলে লাগানো কোনো ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় নাশিদের একজন দেহরক্ষী ও যুক্তরাজ্যের একজন নাগরিক আহত হয়েছেন।