মালয়েশিয়ায় বিচার ছাড়াই আটক রাখার আইন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার ছাড়াই দীর্ঘ সময় আটক রাখা যাবে, এমন বিধান রেখে গতকাল মঙ্গলবার বিতর্কিত সন্ত্রাসবাদবিরোধী আইন পাস করেছে মালয়েশিয়া। জঙ্গিবাদ মোকাবিলায় এই কঠোর সন্ত্রাসবাদবিরোধী আইন করা হলেও দেশটিতে এ নিয়ে বিতর্ক রয়েছে। বলা হচ্ছে, এটা গণতন্ত্র ও মানবাধিকারের ওপর একটা আঘাত। খবর এএফপি ও বিবিসির।
মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে উদ্বুদ্ধ ১৭ মালয়েশীয় গ্রেপ্তার হওয়ার খবরের মধ্যে ‘প্রিভেনশন অব টেররিজম অ্যাক্ট’ নামের এই আইন এল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে পুলিশ।
নতুন এ আইনে কর্তৃপক্ষ কোনো প্রকার অভিযোগ ছাড়াই সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক করতে পারবে। মালয়েশিয়ার বিরোধী দলগুলোর পাশাপাশি আইন এবং মানবাধিকার সংশ্লিষ্ট সংগঠনগুলো এমন আইন না করার আহ্বান জানিয়ে আসছিল। তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে দেশ শাসন করে আসা ক্ষমতাসীন দল এ আইনকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।
বিরোধীদলীয় আইনপ্রণেতা এন সুরেন্দ্রান বলেন, ‘এতে (আইনে) বিচার ছাড়াই দীর্ঘ মেয়াদে আটক রাখার বিধান রাখা হয়েছে। এটা দমন-পীড়নের রাস্তা খুলে দিয়েছে। গণতন্ত্রের প্রতি কঠিন একটা ধাক্কা এটা।’ আর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়াবিষয়ক উপপরিচালক ফিল রবার্টসন এক বিবৃতিতে বলেন, ‘এই আইন পাসের বিষয়টি মালয়েশিয়ায় মানবাধিকারের জন্য বিরাট বড় এক পশ্চাদপসরণ। এ ঘটনা দেশটির অতীতের প্রথায় ফিরে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে।’
মালয়েশিয়ায় অতীতেও বিচার ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক রাখার বিধান ছিল। ২০১২ সালে তা বাতিল করেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি ২০১১ সালে ‘বৃহত্তর গণতান্ত্রিক ব্যবস্থা’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী রাজনীতির উদারীকরণের কাজ শুরুও করেছিলেন। তবে ২০১৩ সালের নির্বাচনে রাজাকের দল বিজয়ী হলেও আশানুরূপ ব্যবধানে জিততে না পারায় সরকার পরে ভিন্ন পথে হাঁটতে শুরু করে।
রাজাক সরকার এর আগে আশ্বাস দিয়ে বলেছে, নতুন আইনটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে কারও বিরুদ্ধে ব্যবহার করা হবে না। সরকার বলে আসছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থানের প্রেক্ষাপটে তারা মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার ভয়ে শঙ্কিত। এরই মধ্যে দেশটির বেশ কয়েকজন নাগরিক আইএসের জিহাদে নিজেদের সম্পৃক্ত করেছে বলে দাবি তাদের।
নতুন আইনটি নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই গত রোববার ১৭ জন সন্দেহভাজন আইএসপন্থী জঙ্গিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে মালয়েশিয়ার পুলিশ। ১৪ থেকে ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিরা দেশের পদস্থ কর্মকর্তাদের অপহরণ, ব্যাংকে ডাকাতি ও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে দাবি করেছে পুলিশ। এ নিয়ে গত এক বছরে মালয়েশিয়ায় আইএসপন্থী ৯২ জন গ্রেপ্তার হলো বলে জানানো হয়েছে।