মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
মালয়েশিয়ার কুয়ালালামপুরের দক্ষিণে গতকাল শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রধান ব্যক্তিগত সহকারী ও একজন সাবেক কূটনীতিক আছেন বলে এএফপির খবরে জানানো হয়।
মালয়েশিয়ার বানার্মা বার্তা সংস্থা একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, হেলিকপ্টারটি মধ্য আকাশেই বিস্ফোরিত হয়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। এরপর ধ্বংসাবশেষ ও পাখাগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে আচড়ে পড়তে থাকে। ধ্বংসাবশেষটি সেমেনিয়াহ নামের শহরের একটি রাবারবাগানে আচড়ে পড়ে।
নিহত ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান সহকারী আজলিন আলিয়াস এবং যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ার কূটনীতিক জামালউদ্দিন জার্জিস আছেন।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নাজিব বলেন, ‘আমি খুবই মর্মাহত। জার্জিস অনেক বছর ধরেই আমার বন্ধু। তিনি আমার প্রকৃত বন্ধু ছিলেন। আজলিন আলিয়াস ছিলেন আমার প্রধান ব্যক্তিগত সহকারী এবং তিনি জনগণের সত্যিকারের সেবক ছিলেন। সরকারের প্রতি, দলের প্রতি এবং মালয়েশিয়ার প্রতি এ দুজনের অবদান অনেক।’
যোগাযোগমন্ত্রী লিও তিয়ং লাই পৃথক এক বিবৃতিতে বলেন, ছয়টি মৃতদেহই উদ্ধার করা হয়েছে এবং কুয়ালালামপুরের একটি হাসপাতালে মৃতদেহগুলো পাঠানো হয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব।