প্রধানমন্ত্রীর আর্থিক ‘কেলেঙ্কারি’ নিয়ে সমালোচনার জের?
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

আর্থিক কেলেঙ্কারির সমালোচনা করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর উপপ্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে কেলেঙ্কারির ঘটনা তদন্তের নেতৃত্বে থাকা অ্যাটর্নি জেনারেলকেও বরখাস্ত করেছেন তিনি। খবর বিবিসি ও এপির।
মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাড বা ওয়ান এমডিবি নামের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া হয়েছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে। প্রধানমন্ত্রী নাজিবই ২০০৯ সালে ওই তহবিল গঠন করেন। প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল-এর প্রথম প্রকাশ করা এ অভিযোগের সত্যতা নাজিব রাজাক অস্বীকার করে আসছেন।
অভিযোগ সামাল দিতে প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন, তার সমালোচনা করে আসছিলেন উপপ্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। আর অভিযোগ তদন্তের নেতৃত্বে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবদুল গনি পাতাইল। তদন্তে ফেঁসে যেতে পারেন, এমন আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী নাজিব অ্যাটর্নি জেনারেলকে তড়িঘড়ি করে বরখাস্ত করেছেন বলে সমালোচকদের অভিযোগ।
এ কথিত কেলেঙ্কারির বিষয়ে ফলাও করে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করতে থাকায় একটি পত্রিকার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে সরকার।
প্রধানমন্ত্রী নাজিব নতুন উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদিকে। পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পদও ফিরে পেয়েছেন। নতুন অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া মন্ত্রিসভার আরও চার পদে রদবদল এনেছেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে মুহিউদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী রাজাক রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত গ্রহণ করা ছিল অত্যন্ত কঠিন একটা বিষয়। কিন্তু একটি শক্তিশালী দল যাতে সামনে এগিয়ে যেতে পারে, তার স্বার্থেই আমাকে এটা করতে হয়েছে।’ তিনি আরও বলেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তা প্রকাশ্যে বলে বেড়ানো উচিত নয়।
উপপ্রধানমন্ত্রী মুহিউদ্দিন সম্প্রতি মালয়েশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের একটি বৈঠকে ওই কেলেঙ্কারি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। দৃশ্যত সেদিকে ইঙ্গিত করেই প্রধানমন্ত্রী ওই কথা বলেন। পত্রিকার খবরে বলা হয়, প্রধানমন্ত্রীকে সেদিন এমডিবি থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন মুহিউদ্দিন।
প্রধানমন্ত্রী নাজিব বলে আসছেন, তিনি ‘রাজনৈতিক নাশকতা’র শিকার। তাঁকে উৎখাত করতে প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নোংরা অভিযানে নেমেছেন। কেলেঙ্কারির ওই অভিযোগ তারই অংশ।