মালয়েশিয়ার নিখোঁজ বিমান: পিতা হারানোর ঘটনায় মামলা
মালয়েশিয়ান এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান নিখোঁজের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পিতা হারানোর পর দুই ভাই জি কিনসন (১৩) এবং জি কিনল্যান্ড (১১) আজ শুক্রবার মালেয়শিয়া বিমান কতৃর্পক্ষের বিরুদ্ধে এ মামলা করে। বিমানটি নিখোঁজ হওয়ার পর এটি প্রথম মামলা দায়েরের ঘটনা।
মামলায় মানসিক যন্ত্রণা এবং তাদের বাবা হারানোর পর থেকে কর্তৃপক্ষের কোনো সাহায্য-সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে। মামলায় সিভিল এভিয়েশনের ডিজি, নৌবাহিনীর প্রধান ও সরকারি কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়েছে।
এ বছরের ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০ বিমানটির ২৩৯ জন যাত্রী নিয়ে মালেয়শিয়া থেকে চীন যাওয়ার পথে রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পর থেকেই বিমানটি নিখোঁজ।
বাদীর আইনজীবী অরুনান সেলভারেজ বলেন, ‘আমরা আট মাস ধরে অপেক্ষা করেছি। ঘটনাটি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি। আমাদের কাছে মামলায় লড়াই করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ আছে।’ তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে এত বড় বিমান নিখোঁজের ঘটনা মেনে নেওয়া যায় না।’