মালয়েশিয়ার ভূমিকম্পে ১১ পর্বতারোহীর মৃত্যু
মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিনাবালুতে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের সময় ভূমিধসে অন্তত ১১ অভিযাত্রী প্রাণ হারিয়েছেন। তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও আটজন নিখোঁজ রয়েছেন বলে সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার জানিয়েছেন। খবর এএফপি ও রয়টার্সের।
কিনাবালুর কাছাকাছি এলাকায় গত শুক্রবার সকালে রিখটার স্কেলে ছয় মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এ সময় বেশ কয়েকজন বিদেশিসহ পর্বতারোহীরা দফায় দফায় ভূমিধসের কবলে পড়েন। তাঁদের মধ্যে ১৩৭ জন নিরাপদে নেমে আসতে সমর্থ হন বলে বোর্নিও দ্বীপে অবস্থিত সাবাহ রাজ্যের পর্যটনমন্ত্রী মাসিদি মানজুন জানান।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সিঙ্গাপুরের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের একটি দল তখন দুর্ঘটনাস্থলে ছিল। তাদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়ে প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মীরা গতকাল সকালে ওই পাহাড়চূড়া থেকে ১৩৭ জনকে নিরাপদে নামিয়ে আনেন। জনপ্রিয় পর্যটন এলাকা কিনাবালু চূড়ার উচ্চতা ১৩ হাজার ৪৩৫ ফুট।