মালয়েশীয় উড়োজাহাজের ধ্বংসাবশেষের সন্ধান?

ভারত মহাসাগরে ফ্রান্সের মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপের সৈকতে গত বুধবার একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মালয়েশিয়া বলছে, পাওয়া ধ্বংসাবশেষের খণ্ডটি প্রায় নিশ্চিতভাবেই রহস্যজনকভাবে উধাও হওয়া মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর। তবে নিঃসন্দেহ হতে তা আরও যাচাই করতে হবে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
একদল পরিচ্ছন্নতাকর্মী বুধবার রিইউনিয়ন দ্বীপের সৈকতে পড়ে থাকতে দেখেন উড়োজাহাজের প্রায় ছয় ফুট লম্বা ওই ধ্বংসাবশেষটি।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও টিওং লাই নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ধ্বংসাবশেষটি এমএইচ ৩৭০-এর কি না, তা ভালোভাবে যাচাই করতে হবে। শিগগিরই এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
উপপরিবহনমন্ত্রী আবদুল আজিজ কাপরাউই বলেন, বৃহস্পতিবারই (গতকাল) মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল ও মালয়েশিয়া এয়ারলাইনসের বিশেষজ্ঞদের একটি দল রিইউনিয়ন দ্বীপে পৌঁছানোর কথা। তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি দুই দিনের মধ্যে এ ব্যাপারে সব তথ্যপ্রমাণ পাওয়া যাবে।’
মালয়েশিয়া, ফ্রান্স ও অস্ট্রেলিয়া সরকার ধ্বংসাবশেষটির উৎস খোঁজার চেষ্টা করছে।
গত বছরের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। ফ্লাইট এমএইচ ৩৭০ নামে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠা উড়োজাহাজটিতে ২৩৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।
রিইউনিয়ন দ্বীপের এক প্রত্যক্ষদর্শী বলেন, দেখে মনে হয় বিমানের ওই ধ্বংসাবশেষটি দীর্ঘদিন পানিতে ছিল। পরে ভাসতে ভাসতে সৈকতে এসে পৌঁছায়। ভারত মহাসাগরের বিস্তৃত এলাকায় বড় ধরনের আন্তর্জাতিক তল্লাশি অভিযান চালিয়েও এত দিন উড়োজাহাজটির চিহ্ন মেলেনি। দুর্ঘটনা বা উধাও রহস্যেরও কোনো কিনারা হয়নি।
উড়োজাহাজের খণ্ড পাওয়ার খবরে কয়েকজন যাত্রীর স্বজনেরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিউজিল্যান্ডের সারা উইকস বলেছেন, ‘আমার ভাই পল উইকস ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর এমন এক দিনও কাটেনি, যেদিন ভাইকে নিয়ে ভাবিনি। কেমন যেন আশা জাগত, হয়তো আমার ভাই বেঁচে আছে। এখন মনে হচ্ছে, এই আশারও একটি সমাপ্তি ঘটতে যাচ্ছে। এরপরও আমি নিশ্চিত হতে চাই, টুকরোটি মালয়েশীয় সেই উড়োজাহাজেরই।’