বহুদিনের জল্পনাকল্পনা ও আশা-নিরাশার দোলাচল কাটিয়ে অবশেষে আংশিক হলেও উদ্ঘাটিত হলো নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর উধাও রহস্যের। ভারত মহাসাগরের লা রেউনিয়ঁ দ্বীপে ভেসে আসা বিমানের অংশবিশেষ এ বিমানটিরই বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। খবর বিবিসি ও এএফপির।
বিষয়টি নিশ্চিত করার আগে গতকাল বুধবার ফ্রান্সে শুরু করা হয় ওই অংশবিশেষের পরীক্ষা-নিরীক্ষার কাজ। এতে মালয়েশিয়ান এয়ারলাইনসের ওই উড়োজাহাজের নিখোঁজ রহস্যের কিনারা হতে পারে বলে আশা করছিলেন বিশ্ববাসী।
কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহীসহ গত বছরের ৮ মার্চ বেইজিংয়ের পথে রওনা হওয়ার পরপরই যোগাযোগবিচ্ছিন্ন হয়েছিল এমএইচ৩৭০। বেশ কয়েকটি দেশ বহু তল্লাশি অভিযান চালিয়েও এ পর্যন্ত উড়োজাহাজটির কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। এটি বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে রহস্যময় দুর্ঘটনাগুলোর একটি।
তবে গত সপ্তাহে ফ্রান্সের শাসনাধীন লা রেউনিয়ঁ দ্বীপে একটি বিমানের ডানার সাড়ে ছয় ফুট লম্বা একটি অংশ পাওয়ার পর এমএইচ৩৭০ নিখোঁজ রহস্য সমাধানের ব্যাপারে আশার সঞ্চার হয়। অংশটি বোয়িং ৭৭৭ বিমানের বলে নিশ্চিত হয়েছিলেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ বিমানটি ছিল একই মডেলের।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল বলেন, ফ্রান্সে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেটিকে উধাও হওয়া মালয়েশীয় বিমানের বলে চূড়ান্তভাবে নিশ্চিত হয়েছেন।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের আগে ফ্রান্সের তুলুজ শহরে মালয়েশিয়ার বিশেষজ্ঞদের উপস্থিতিতে ফরাসি গবেষকেরা গতকাল পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেন। অংশবিশেষটি ওই বিমানের বলে নিশ্চিত হওয়া গেলেও এর মধ্য দিয়ে এখনই এর সব রহস্যের মিটমাট হচ্ছে না। কীভাবে, কোন পরিস্থিতির মুখোমুখি হয়ে বিমানটি গন্তব্যস্থলের বহু দূরে গিয়ে বিধ্বস্ত হলো, এর সব আরোহীই মারা গেছেন কি না এমন অনেক প্রশ্নেরই সমাধান এখনো অজানাই রয়ে গেল।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী রাজাক বলেন, ‘বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে গত ৫১৫ দিন এর আরোহীদের স্বজনেরা যে বোঝা ও অনিশ্চয়তা বয়ে বেড়িয়েছেন, তা অবর্ণনীয়। আমরা এখন বাস্তব প্রমাণ পেলাম যে এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে।’
এর আগে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস বলেছিলেন, ভেসে আসা অংশ এমএইচ৩৭০-এর কি না, তা চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হতে পারে। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা নিশ্চিত করে, সম্ভাব্য দুর্ঘটনাস্থল থেকে বিমানটির ধ্বংসাবশেষ বাতাস ও ঢেউয়ের মাধ্যমে প্রায় চার হাজার কিলোমিটার দূরের লা রেউনিয়ঁ দ্বীপে যাওয়া সম্ভব।