মালিক ও শ্রমিকের যা জানা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা বিবেচনা করা তাঁর প্রতিষ্ঠানের মালিকের অবশ্য কর্তব্য। কোনো অবহেলা বা অসচেতনতার কারণে যেন কর্মক্ষেত্রে কাজের সময় কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে মালিক ও কোম্পানির কর্মকর্তাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত।
কাতারের শ্রম বিধি অনুসারে, যে কর্মক্ষেত্রে ১০ জনের বেশি শ্রমিক কাজ করেন, সেখানে একটি প্রকাশ্য স্থানে কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কে নির্দেশনা সংবলিত বোর্ড রাখতে হবে। যেন তা সব শ্রমিকের নজরে পড়ে এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে তাঁরা সজাগ থাকতে পারেন।
যদি কোনো শ্রমিক কর্মক্ষেত্রে যাওয়ার পর সেখানে কোনো ঝুঁকি দেখতে পান যা তাঁর বা সহকর্মীদের জন্য বিপদের কারণ হতে পারে, তবে তা তাৎক্ষণিকভাবে কোম্পানির মালিক বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে। জানানোর পর যদি মালিক বা কোম্পানির লোকেরা এ ব্যাপারে কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করে, সে ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয়ের অনুসন্ধান বিভাগ অথবা জাতীয় মানবাধিকার কমিটিকে জানাতে হবে।
মনে রাখতে হবে, নিজের স্বাস্থ্য বা জীবনকে ঝুঁকিতে রেখে কখনো কোনো কাজে অংশ নেওয়া উচিত নয়। বরং ন্যূনতম ঝুঁকি বা বিপদের আশঙ্কা থাকলে তাৎক্ষণিকভাবে তা কোম্পানিকে জানানো উচিত।
এ প্রসঙ্গে আরও একটি বিষয়ে মালিক ও শ্রমিকের সচেতনতা থাকা ভালো। তা হলো—কাতারের শ্রম আইন অনুসারে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিক কিংবা কোনো কর্মকর্তা কখনো তাঁর অধীনস্থ প্রতিষ্ঠানের শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত কোনো কাজ করাতে পারবেন না। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে কোম্পানির মালিক কোনোভাবে অপমানসুলভ আচরণ করতে পারবেন না। এ ছাড়া কোনো শ্রমিকের ব্যাপারে সীমালঙ্ঘন বা কারও ওপর হাত তোলাও কাতারের শ্রম আইন অনুসারে বেআইনি কাজ হিসেবে গণ্য।

>*যে কর্মক্ষেত্রে ১০ জনের বেশি শ্রমিক কাজ করেন, সেখানে একটি প্রকাশ্য স্থানে কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কে নির্দেশনা সংবলিত বোর্ড রাখতে হবে। যেন তা সব শ্রমিকের নজরে পড়ে এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে তাঁরা সজাগ থাকতে পারেন
*কাতারের শ্রম আইন অনুসারে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিক কিংবা কোনো কর্মকর্তা কখনো তাঁর অধীনস্থ প্রতিষ্ঠানের শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত কোনো কাজ করাতে পারবেন না। এ ছাড়া কোনো শ্রমিকের ব্যাপারে সীমালঙ্ঘন বা কারও ওপর হাত তোলাও কাতারের শ্রম আইন অনুসারে বেআইনি কাজ হিসেবে গণ্য

কোনো কোম্পানি যদি তার শ্রমিকদের কাজের সুবিধার্থে কোনো অস্থায়ী আবাসিক ক্যাম্পে রাখতে আগ্রহী হয়, তবে অস্থায়ী আবাসিক ক্যাম্পের সব নিয়ম মেনে তা করা যেতে পারে। কাতারের শ্রম আইন অনুসারে যেহেতু শ্রমিকদের থাকা ও কর্মক্ষেত্রে যাওয়া-আসার ব্যবস্থা করা মালিকের কর্তব্য, তাই এসব ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এতে বলা হয়েছে, অস্থায়ী কোনো আবাসিক ক্যাম্পে যদি ১০০ জনের বেশি শ্রমিক থাকে, তবে সেখানে একজন সার্বক্ষণিক নার্স নিয়োগ দিতে হবে। পাশাপাশি ক্যাম্পে একটি রুমে প্রাথমিক চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের বসবাসের অস্থায়ী আবাসিক ক্যাম্পে অবশ্যই আগুন নেভানোর প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি পয়োনিষ্কাশনসহ সব ধরনের সুবিধা রাখতে হবে। এসব ব্যাপারে মালিক পক্ষের অবহেলা থাকলে তা শ্রম মন্ত্রণালয়ের অনুসন্ধান বিভাগে জানাতে হবে।