
উত্তর কোরিয়া তাদের এক ‘নাগরিকের’ মৃত্যুর জন্য মালয়েশিয়াকে দায়ী করেছে। পিয়ংইয়ংয়ের অভিযোগ, নিহত ব্যক্তির লাশ ফেরত দেওয়ার বিষয়টিতে কুয়ালালাপুরের কর্তৃপক্ষ রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করছে।
কিম জং-নাম হত্যাকাণ্ডের ঘটনায় পিয়ংইয়ং নিহত ব্যক্তির নাম উল্লেখ করেনি। তবু উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই প্রথম দেশটির নেতা কিম জং-উনের সৎভাইয়ের মৃত্যুর প্রসঙ্গটি উল্লেখ করল। জং-নাম কুয়ালালামপুর বিমানবন্দরে বিষক্রিয়ার শিকার হয়ে মারা যান। তাঁর লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উত্তর কোরিয়ার বেশ কয়েকজনকে মালয়েশিয়ার পুলিশ খুঁজছে। সন্দেহভাজন ওই ব্যক্তিদের মধ্যে কুয়ালালামপুরে উত্তর কোরীয় দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থার এক কর্মীও রয়েছেন। এই মামলায় উত্তর কোরিয়ার আরও চার সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশিত হয়। সম্ভবত তাঁরা ইতিমধ্যে মালয়েশিয়া ছেড়ে গেছেন। আরেকজন আটক রয়েছেন।
মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর গতকাল বৃহস্পতিবার বলেন, ওই চার ব্যক্তিকে ধরতে সতর্কতা জারির জন্য তিনি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে বলেছেন।
জং-নাম ম্যাকাওগামী ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই নারী তাঁর মুখমণ্ডলে বিষাক্ত উপাদান ছড়িয়ে দেন। এ কারণেই জং-নামের মৃত্যু হয় বলে কুয়ালামপুরের পুলিশ গত বুধবার নিশ্চিত করেছে। ওই দুই নারী বর্তমানে আটক রয়েছেন। পুলিশ বলছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ওই দুই নারী এ ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।
জং-নাম হত্যাকাণ্ডে মালয়েশিয়া সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী না করলেও বলেছে, এ ঘটনায় স্পষ্টত পিয়ংইয়ংয়ের হাত ছিল।
জং-নাম একসময় তাঁর বাবার সম্ভাব্য উত্তরসূরি ছিলেন। তবে পর্যায়ক্রমে তাঁর ছোট ভাই কিম জং-উন সেই জায়গা নিয়ে নেন। জং-নাম বহু বছর বিদেশে ছিলেন। তিনি কিম চোল নামের পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন।
বার্তা সংস্থাটি আরও বলছে, কূটনৈতিক পাসপোর্টধারী কোনো ব্যক্তির দেশের অনুমতি ছাড়া তাঁর লাশের ময়নাতদন্ত করাটা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং মানবীয় নৈতিকতার পরিপন্থী। এই মৃত্যুর সবচেয়ে বড় দায় মালয়েশিয়ার সরকারের। তাঁর লাশ উত্তর কোরিয়ার কর্মকর্তাদের কাছে ফেরত দেওয়ার দাবি প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, মালয়েশিয়া বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতে চাইছে। এটা আন্তর্জাতিক আইন এবং নৈতিকতার চরম লঙ্ঘন এবং দুরভিসন্ধিমূলক।
রাষ্ট্রদূতকে বহিষ্কারের চিন্তাভাবনা
কুয়ালামপুরে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কাং চোলকে বহিষ্কারের চিন্তাভাবনা করছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। জং-নাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুর এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। স্থানীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।