মালয়েশিয়ার জলসীমায় চীনের ১০০ নৌকা ঢুকে পড়ার অভিযোগ
মালয়েশিয়া অভিযোগ করেছে, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে তাদের জলসীমায় বৃহস্পতিবার চীনের নিবন্ধিত প্রায় ১০০ নৌকা ঢুকে পড়ে। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীন আবার এ ধরনের ঘটনা ঘটালে তারা আইনি ব্যবস্থা নেবে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে। তবে চীন বলেছে, মালয়েশিয়ার অভিযোগের বিষয়টি তারা ‘বুঝতেই পারছে না’।
মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তামন্ত্রী শাহিদান কাসিম বলেছেন, বৃহস্পতিবার লুকোনিয়া শোলস এলাকায় চীনের নৌকা ঢুকে পড়ার খবর পেয়ে তাঁরা সেখানে নৌবাহিনীর যান পাঠিয়েছেন। তবে নৌকাগুলো ঠিক কী ধরনের, সে বিষয়ে তিনি খুলে বলেননি।
কাসিমের মন্তব্যের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মালয়েশিয়া সরকার আসলে কী বোঝাতে চেয়েছে তা তাঁরা বোঝেননি। মুখপাত্র বলেন, ‘এখন মাছ ধরার মৌসুম। প্রতিবছর এ সময় অসংখ্য ট্রলার দক্ষিণ চীন সাগরে মাছ ধরে।’ এর বেশি তিনি কিছু বলেননি।
চলতি সপ্তাহে ইন্দোনেশিয়াও তার জলসীমায় চীনের নৌকা প্রবেশের অভিযোগ তোলে।
চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাকে নিজের বলে দাবি করে আসছে। তবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রতিবেশী দেশ ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ান এই সাগরের অংশবিশেষের মালিকানা দাবি করে। এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চীনের দ্বন্দ্ব আছে। দক্ষিণ চীন সাগর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য পথের একটি। এ পথ ব্যবহার করে প্রতিবছর অন্তত পাঁচ ট্রিলিয়ন ডলারের পণ্যের বাণিজ্য হয়।