মালয়েশিয়ার তেলবাহী জাহাজ ছিনতাই
মালয়েশিয়ার তেলবাহী একটি জাহাজ ছিনতাই করা হয়েছে। জাহাজটিতে নয় লাখ লিটার ডিজেল আছে। এটি নৌপথে ইন্দোনেশিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ বুধবার মালয়েশিয়ার সমুদ্রবন্দর কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়ার সমুদ্রবন্দর কর্তৃপক্ষের প্রধান আহমেদ পুজি কাহার এক টুইট বার্তায় বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে অভ্যন্তরীণ ঝামেলার কারণে এমটি ভিয়ার হারমনি নামের তেলবাহী জাহাজটি ছিনতাইয়ের শিকার হয়েছে। তবে এই অভ্যন্তরীণ ঝামেলার বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, জাহাজটিকে প্রায় চার লাখ মার্কিন ডলার মূল্যের তেল রয়েছে।
সমুদ্রবন্দর কর্তৃপক্ষ বলছে, মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে তেলবাহী জাহাজটি যাত্রা করার পর মঙ্গলবার নিখোঁজ হয়। এরপর এটি ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপের দিকে যাত্রা করে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর মালয়েশিয়ার কুয়ালালামপুর-ভিত্তিক পাইরেসি রিপোর্টিং সেন্টারের প্রধান নোয়েল চোং তেলবাহী জাহাজ নিখোঁজ হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এই মুহূর্তে জাহাজটির অবস্থান-সম্পর্কিত তথ্য তাঁদের কাছে নেই বলে তিনি মন্তব্য করেন।