মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে উ. কোরিয়ার জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া দেশটিতে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম খুনের ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রদূত ক্যাং চোলকে বহিষ্কার করে মালয়েশিয়া। এর জবাবেই উত্তর কোরিয়া এ সিদ্ধান্ত নিল।

কিম মালয়েশিয়ায় খুন হওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে একটি নোটিশ দেওয়া হয়েছে। এটা তাঁর প্রাপ্য ছিল।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বহিষ্কৃত হয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত ক্যাং চোল ফিরে আসার পরপরই দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৩ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে অসুস্থ হওয়ার পর মারা যান জং-নাম। বিষাক্ত রাসায়নিক (নার্ভ এজেন্ট ভিএক্স) প্রয়োগে উত্তর কোরিয়ার গুপ্তঘাতকেরা তাঁকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

জং-নামের হত্যায় জড়িত থাকার অভিযোগে উত্তর কোরিয়ার সন্দেহভাজন সাতজনকে মালয়েশিয়ার পুলিশ খুঁজছে। সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে কুয়ালালামপুরে উত্তর কোরীয় দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থার এক কর্মীও রয়েছেন। এঁদের মধ্যে চারজন জং-নামের হত্যার দিনই মালয়েশিয়া ছেড়ে চলে গেছেন। এ ঘটনায় একজন ভিয়েতনামের ও একজন ইন্দোনেশিয়ার নারীকে গ্রেপ্তার করা হয়েছে।