'মালয়েশিয়ায় উড়োজাহাজের ব্যাটারি ছিল মেয়াদোত্তীর্ণ'

মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-৩৭০ উড়োজাহাজটি হারিয়ে যায় বিদায়ী বছর ২০১৪ সালের ৮ মার্চ। সেদিন রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং রওনা হয় উড়োজাহাজটি। এতে যাত্রী ও ক্রু মিলে আরোহী ছিলেন ২৩৯ জন। বিমানটি নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা বিশ্ববাসীকে হতবাক করেছে। একমাত্র বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যময় ঘটনার সঙ্গেই এর তুলনা হতে পারে। মাসের পর মাস তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না একজন আরোহীর লাশ। মিললও না বিমানটির একটি খণ্ডও। যাত্রীবাহী বিমান নিখোঁজের ঘটনায় মামলাও হয়েছে।
এদিকে উড়োজাহাজটি নিখোঁজের এক বছর পর আজ রোববার অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে নতুন কিছু নেই। তবে বলা হয়েছে, ওই উড়োজাহাজের ব্যাটারির মেয়াদ এক বছর আগেই শেষ হয়ে গিয়েছিল।
অন্তর্বর্তী প্রতিবেদনের সূত্র ধরে সিএনএন ও বিবিসির খবরে বলা হয়েছে, ২০১২ সালের ডিসেম্বরে ওই উড়োজাহাজের ব্ল্যাকবক্সের ব্যাটারির মেয়াদ শেষ হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ ব্যাপারে তারা বিমান কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, তারা নিখোঁজ বিমানের খোঁজ চালিয়ে যাবে। ভারত মহাসাগরে তারা ৬০ হাজার স্কয়ার কিলোমিটার এলাকায় খোঁজ চালাচ্ছে।
‘কোনো শব্দে ব্যথার ব্যাখ্যা সম্ভব নয়’
বিমান নিখোঁজের বছরপূর্তিতে কুয়ালালামপুরে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান উপলক্ষে এক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, ‘বিমানে চড়ে যাঁরা নিখোঁজ হয়েছেন তাঁদের স্বজনদের বুকে যে ব্যথা হয়, তা এক শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়।’
‘আমরা তাদের ভুলব না’
উড়োজাহাজ নিখোঁজের বছরপূর্তিতে আজ মালয়েশিয়া এয়ারলাইনসের কর্মীরা তাঁদের নিখোঁজ ১৩ জন সহকর্মীকে স্মরণ করেছেন। সেখানে এয়ারলাইনসের চেয়ারম্যান মো. নূর ইউসূফ বলেন, ‘আমরা তাদের মিস করছি, তাদের কোনো দিনও ভুলব না। তারা আমাদের হৃদয়েই থাকবে।’