মালয়েশিয়ার কর্তৃপক্ষ চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি অস্ত্র ও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দেশটির পুলিশপ্রধান খালিদ আবু বকর গতকাল শনিবার জানিয়েছেন। পুলিশ বলেছে, এর মধ্যে একজন হামলা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। খবর এএফপির।
প্রতিবেশী ইন্দোনেশিয়ায় সমন্বিত সন্ত্রাসী হামলার পর থেকে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীকে উচ্চমাত্রার সতর্কতায় রাখা
হয়েছে।
খালিদ আবু বকর তাঁর টুইটার অ্যাকাউন্টে গতকাল লেখেন, শুক্রবার একটি রেলস্টেশনে একজন পুরুষকে গ্রেপ্তারের জন্য ইএইট কেসিকে (সন্ত্রাসবিরোধী ইউনিট) অভিনন্দন। তার কাছ থেকে অস্ত্র ও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
ওই রেলস্টেশনটি রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত বহুতল ভবন পেট্রোনাস টাওয়ারের কাছে। এখানে একটি বিশাল বিপণিকেন্দ্র আছে, যেখানে বহু বিদেশি ভিড় জমায়।
মালয়েশিয়ার সন্ত্রাসবিরোধী বিভাগের সহকারী পরিচালক আইয়ুব খান মাইদিন পিচাই পরে বলেন, সন্দেহভাজনের বাড়ি থেকে একটি ছুরি ও আইএস-সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেছে।
এক বিবৃতিতে পুলিশপ্রধান বলেছেন, কুয়ালালামপুরে গ্রেপ্তার ২৮ বছর বয়সী ওই যুবক আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে। তিনি আরও জানান, ১১ জানুয়ারি পুলিশ তুরস্ক থেকে ফেরত পাঠানো আইএস-সমর্থক হিসেবে সন্দেহভাজন তিন মালয়েশীয়কে গ্রেপ্তার করেছে।
ইন্দোনেশিয়ায় ওয়েবসাইট বন্ধ: এদিকে ইন্দোনেশিয়া বলেছে, জাকার্তায় বৃহস্পতিবারের হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা অন্তত ১১টি জঙ্গিবাদী ওয়েবসাইট ও বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। পুলিশ গতকাল জাকার্তা হামলায় অংশ নেওয়া পাঁচ সন্দেহভাজনের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এ ছাড়া ওই হামলার পরিকল্পনায় যুক্ত হিসেবে সন্দেহভাজন আরও ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। পুলিশের ভাষ্য, জঙ্গিগোষ্ঠী আরও কয়েকটি শহরে হামলার চিন্তা করছিল।