মালয়েশিয়ায় দ্বিতীয় দিনের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ। ছবি: রয়টার্স
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ। ছবি: রয়টার্স

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে আজ রোববার দ্বিতীয় দিনের মতো দেশটির রাজধানীতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের ব্যাপক উপস্থিতি ও কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল শনিবার কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ হয়।

পুলিশের দাবি, গতকাল প্রায় ২৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তবে আয়োজকদের ভাষ্য, এদিন প্রায় দুই লাখ মানুষের বিক্ষোভ হয়েছে।

গতকাল দিনের শেষভাগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে বিক্ষোভকারীদের মাঝে হাজির হন। নাজিব রাজাকের পদত্যাগের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বিক্ষোভকারীদের কর্মসূচি চালিয়ে যেতে বলেন।

আজ মধ্যরাত পর্যন্ত বিক্ষোভের কর্মসূচি রয়েছে। গতকাল সন্ধ্যার পর বিক্ষোভকারীদের ভিড় কমলেও দ্বিতীয় দিনের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য অনেকেই রাজপথে ঘুমিয়ে পড়েন।

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (১ এমডিবি) নামে একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগই প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে জনরোষের কারণ। বেরসিহ (মালয় শব্দটির অর্থ ‘পরিষ্কার’) নামে একটি মানবাধিকার সংগঠন তাঁর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয়। অবশ্য দেশের নির্বাচনব্যবস্থায় সংস্কারের দাবিতে আগে থেকেই আন্দোলন করে আসছিল সংগঠনটি।

অন্যদিকে নাজিব রাজাক এই অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ইন্ধনেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ তরুণ। তাঁদের অধিকাংশই পরিকল্পনামতো হলুদ শার্ট পরে বিক্ষোভে যোগ দিয়েছেন। নাজিববিরোধী নানা স্লোগান লেখা প্ল্যাকার্ডের পাশাপাশি বিক্ষোভকারীদের কেউ কেউ বহন করছেন জাতীয় পতাকা।