মালয়েশিয়ায় ধোঁয়াশার জন্য স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ধোঁয়াশার কারণে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় বন থেকে আসছে এই কুয়াশার মতো ধোঁয়াটে চাদর। সঙ্গে যোগ হয়েছে সে দেশের কৃষি জমির নাড়া পোড়ানোর ধোঁয়া। এই ধূসর চাদরে মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ অন্যান্য রাজ্য আচ্ছন্ন। বায়ুদূষণ থেকে শিশু শিক্ষার্থীদের রক্ষা করতে কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে।

এএফপির খবরে জানানো হয়, গত দুই সপ্তাহে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বায়ুদূষণ বেড়েছে। ইন্দোনেশিয়া থেকে সৃষ্ট ধোঁয়াশার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। আজ মঙ্গলবার দেশটির ৫২টি পর্যবেক্ষণকারী স্টেশন বলছে সেখানকার বাতাস খুব অস্বাস্থ্যকর।

দেশটির শিক্ষামন্ত্রী কুয়ালালামপুরের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়াসহ সন্নিহিত তিনটি রাজ্যের বাতাস বেশ দূষিত হয়ে পড়েছে। শিশুদের জন্য তা খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় শুষ্ক মৌসুমে কৃষিজমির নাড়া পোড়ানো হয়। সেখান থেকে একধরনের ধোঁয়াশা তৈরি হয়। সুমাত্রার রিয়াউ প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সুমাত্রা ও বোর্নিওর হাজারো লোক এই ধোঁয়াশার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

ধোঁয়াশা থেকে বাঁচাতে মালয়েশিয়ার সরকার সে দেশের জনগণকে বিনা মূল্যে মুখোশ দিচ্ছেন।

ধোঁয়াশা নিয়ন্ত্রণে আনতে ইন্দোনেশিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।