মালয়েশিয়ায় নতুন আইন, দমনপীড়নের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় গতকাল সোমবার নতুন নিরাপত্তা আইন চালু হয়েছে। সমালোচকেরা বলছেন, এই ‘কঠোর’ আইন গণতন্ত্রের জন্য হুমকি। দুর্নীতির কেলেঙ্কারিতে জর্জরিত প্রধানমন্ত্রীর বিরোধীদের দমনে সরকার নতুন আইনটি ব্যবহার করতে পারে।
প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সরকার গত ডিসেম্বরে ‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অ্যাক্ট’ শীর্ষক আইনটি পার্লামেন্টে পাস করিয়ে নেয়। বড় ধরনের দুর্নীতির অভিযোগে এক বছরেরও বেশি আগে থেকে তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছেন বিরোধীরা। নতুন আইনটি প্রণয়নের ফলে সরকার কোনো এলাকায় ‘নিরাপত্তার হুমকি’ আছে মনে করলে একধরনের ‘সামরিক আইন’ জারি করতে পারবে। রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের দমনপীড়নে এ আইন ব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করছেন সমালোচকেরা।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সুনির্দিষ্ট ‘নিরাপত্তা এলাকায়’ বেসামরিক স্বাধীনতা সাময়িক বন্ধ করে দিতে পারবে। ফলে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান চালিয়ে লোকজনকে আটক ও েগ্রপ্তার করার সুযোগ পাবে। তবে প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় আইনটির প্রয়োজন আছে।
মালয়েশীয় গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রধান ওয়ান সাইফুল ওয়ান জান বলেন, রাজপথে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে এই আইন জনমনে ভীতি জাগাবে। এমন একটা সময়ে আইনটি প্রণয়ন করা হয়েছে যে মনে হতে পারে, নাজিব রাজাক ক্ষমতা ধরে রাখার জন্যই এটা করেছেন।