মালয়েশিয়ায় নৌকাডুবিতে ১১ অভিবাসীর মৃত্যু
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে অন্তত ১১ জন ইন্দোনেশিয়ান অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।
কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে মালয়েশিয়ার জোহর রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ৬০ জন অভিবাসী ছিলেন বলে ধারণা করছে তারা।
কোস্টগার্ডের প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ জুবিল মাত সুম বলেছেন, টহলরত কোস্টগার্ডের সদস্যরা ৭ জন পুরুষ ও ৪ জন নারীর মরদেহ উদ্ধার করেছেন।
নৌকাডুবির পর ২০ জন পুরুষ ও ২ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসব অভিবাসী পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ার একটি দ্বীপ থেকে এসেছিলেন। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
কোস্টগার্ডের প্রধান বলেছেন, ধারণা করা হচ্ছে, নিখোঁজদের কেউ ডুবে গেছেন অথবা কেউ পালিয়েও থাকতে পারেন। তাঁদের সন্ধানে কোস্টগার্ডের নৌকা ও হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে। তিনি আরও বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। আমি অভিবাসীদের অনুরোধ করব, তাঁরা যেন অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ না করেন।’
এশিয়ার দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে মালয়েশিয়া ধনী দেশ হিসেবে পরিচিত। বর্তমানে দেশটিতে লাখ লাখ অভিবাসী কাজ করছেন, যাঁদের অধিকাংশই অবৈধ। এসব অভিবাসী মালয়েশিয়ার কৃষি ও অবকাঠামো নির্মাণশিল্পে কাজ করছেন।
প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার অনেকেই নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। অবৈধভাবে প্রবেশের সময় মাঝেমধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটে।