মালয়েশিয়ায় নৌকাডুবিতে ১৪ অভিবাসীর মৃত্যু

মালয়েশিয়া উপকূলে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে আজ বৃহস্পতিবার নৌকা ডুবে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। কাঠের ছোট্ট ওই নৌকাটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিল বলে এএফপির খবরে বলা হয়।
বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে মালয়েশীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে নৌকায় থাকা যাত্রীরা ইন্দোনেশিয়ার নাগরিক ছিল। এ ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ১২টি জাহাজ ও একটি উড়োজাহাজে করে প্রায় ২০০ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের উপকূলীয় শহর সাবাক বার্নামের কাছে উত্তাল সাগরে নৌকাটি ডুবে যায়।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট সংস্থার স্থানীয় প্রধান মোহাম্মদ আলিয়াস হামদান এএফপিকে বলেন, স্থানীয় জেলেরা ১৫ জনকে জীবিত ও এবং ১৪টি লাশ উদ্ধার করেছে। নিহত ১৪ জনের মধ্যে ১৩ জনই নারী। উদ্ধার করা ব্যক্তিদের পেরাক প্রদেশের তেলুক হাসপাতালে পাঠানো হয়েছে।
আলিয়াস বলেন, তিনি ধারণা করছেন বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী থাকার কারণেই নৌকাটি ডুবেছে। তিনি আরও বলেন, জেলেদের কাছ থেকে ওই নৌকার বর্ণনা শুনে মনে হয়েছে এর ধারণক্ষমতা ৭০ জনের মতো হবে। কিন্তু নৌকায় শতাধিক যাত্রী ছিল।
আলিয়াস সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা নিশ্চিত নই যে অভিবাসীরা অবৈধভাবে মালয়েশিয়ায় আসতে চেয়েছিল না কি মালয়েশিয়া ছাড়তে চেয়েছিল।’
যাত্রীরা অবৈধ অভিবাসী ছিলেন কি না জানতে চাইলে আলিয়াস রয়টার্সকে বলেন, ‘তাঁরা যদি বৈধ হতো তাহলে তারা এভাবে যাত্রা করত না।’