মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি নিহত
মালয়েশিয়ার সেলানগর রাজ্যের হুলু ল্যাংগাতে ভূমিধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মালয়েশিয়ার দ্য স্টার এর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই শ্রমিকদের আবাসস্থলের ওপর ভূমিধসের ঘটনা ঘটলে তাঁরা চাপা পড়েন। দুজনই ল্যাংগাত ২ পানি শোধনাগার নির্মাণকাজের শ্রমিক ছিলেন। তাঁরা ওই নির্মাণস্থলের কাছে একটি খামার বাড়িতে থাকতেন। ওই বাড়িটি সংস্কার করে শ্রমিকদের আবাসস্থল করা হয়।
পুলিশ জানিয়েছে, ভোর চারটায় তাঁরা ওই ভূমিধসের খবর পান। এরপর সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ভূমি মালিক খামারবাড়িটিকে সংস্কার করে তা ল্যাংগাত ২ প্রজেক্টের শ্রমিকদের কাছে ভাড়া দেন। সেখানে ১১ জন বাংলাদেশি ও নয়জন ইন্দোনেশিয়ার শ্রমিক বাস করেন। গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে সেখানে ভূমিধসের সৃষ্ট হয়। এ ঘটনায় চাপা পড়া অন্য শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। পুলিশ নিহতদের পরিচয় এখনো পায়নি।
সেলানগর ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দপ্তরের সহকারী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সানি হারুল বলেন, ভূমিধসের কারণে শ্রমিকদের বাস করা দুটি কক্ষ সমাধিতে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সহকর্মীরা ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন। দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে। তবে ফায়ার সার্ভিসের দপ্তরকে অবহিত করা হয় ভোর চারটায়।