মালয়েশিয়ায় লকডাউনে দরিদ্র মানুষের পাশে ‘হোয়াইট ফ্ল্যাগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মালয়েশিয়ায় কঠোর লকডাউন আরোপ করা হয় গত ১ জুন। এরপর এখন পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। আর কঠোর লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশটির নিম্ন আয়ের মানুষ। তাঁরা আর্থিক সংকটে রয়েছেন।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় নিম্ন আয়ের মানুষের সাহায্য করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘হোয়াইট ফ্ল্যাগ’। এ ছাড়া বাড়ির সামনে সাদা পতাকা টাঙিয়েও আর্থিক সহায়তা চাইছেন দরিদ্র মানুষ।

এই ক্যাম্পেইনে সাড়াও পাওয়া যাচ্ছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, প্রতিবেশী ও তারকারা সংকটে থাকা নিম্ন আয়ের ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসছেন।
নিম্ন আয়ের মানুষের সাহায্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছে। যাঁদের সাহায্য লাগবে, এমন ব্যক্তিদের ছবি ও ঠিকানা পোস্ট করা হচ্ছে এসব গ্রুপে।

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি প্রকোপ আকার ধারণ করার সঙ্গে সঙ্গে দেশটিতে আত্মহত্যার পরিমাণও বেড়েছে। ২০১৯ সালে দেশটিতে আত্মহত্যা করেছিলেন ৬০৯ জন। ২০২০ সালে দেশটিতে আত্মহত্যা করেছিলেন ৬৩১ জন। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, চলতি বছর ইতিমধ্যে ৪৬৮ জন আত্মহত্যা করেছে।

মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত শনিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ।