মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ওপর মিয়ানমারের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন নিয়ে কূটনৈতিক বিরোধের মধ্যে এবার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার। গত মঙ্গলবার মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়।
সম্প্রতি এক জনসভায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির সমালোচনা করেন। রাষ্ট্রীয় উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক সরকারি দায়িত্বে থাকা সু চিকেই কার্যত দেশটির নেতা মনে করা হয়।
জাতিসংঘের তথ্যমতে, ২০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, মালামাল লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সু চি ও তাঁর সরকারের সমালোচনায় মুখর হয়েছে মালয়েশিয়া। দেশটির কর্তৃপক্ষ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আশিয়ানে মিয়ানমারের সদস্যপদ পুনর্বিবেচনার দাবি করেছে। এরপর থেকে মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতির কারণে মিয়ানমার কর্তৃপক্ষ ৬ ডিসেম্বর থেকে দেশটিতে শ্রমিক পাঠানো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বিবৃতিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
উন্নত জীবনের আশায় মিয়ানমারের হাজারো শ্রমিক মালয়েশিয়ায় যান। সেখানে এখনো মিয়ানমারের লাখো অভিবাসী শ্রমিক অবস্থান করছেন।
মালয়েশিয়া সরকারের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৫৬ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই রাখাইন রাজ্যে নির্যাতন এবং দারিদ্র্য থেকে বাঁচতে নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছে।