মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে না মিয়ানমার
মিয়ানমার তাদের শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানের কারণে প্রতিবেশী মুসলিমপ্রধান দেশ মালয়েশিয়ার সঙ্গে তিক্ত সম্পর্কের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করল দেশটি। আজ বুধবার এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদ জানিয়ে গত রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিল করে। ওই কর্মসূচিতে অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ‘গণহত্যা’র অনুমতি দেওয়ার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির কঠোর সমালোচনা করেন। এরপর মিয়ানমার শ্রমিক না পাঠানোর সিদ্ধান্ত নিল।
প্রায় পাঁচ হাজার জনতার উপস্থিতিতে ওই সমাবেশে নাজিব রাজাক বলেন, ‘আমরা অং সান সু চিকে বলতে চাই, যথেষ্ট হয়েছে...আমরা অবশ্যই মুসলিম ও ইসলামকে রক্ষা করব। যেখানে গণহত্যা চলছে, সেখানে বিশ্ব বসে থাকতে পারে না।’
কর্মসূচি সামনে রেখে আগের দিন শনিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী, বেছে বেছে একটি নৃগোষ্ঠীকে বিতাড়িত করাকে জাতিগত নির্মূলকরণ বলে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।’
মিয়ানমারের অভিবাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার রাতে জানায়, তারা তাদের নাগরিকদের কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার লাইসেন্স ইস্যু করা বন্ধ করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার সাময়িকভাবে ৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো বন্ধ করেছে।’
দীর্ঘদিন থেকে মিয়ানমারের শ্রমিকদের শীর্ষ গন্তব্য হলো মালয়েশিয়া। মালয়েশিয়ায় বর্তমানে মিয়ানমারের কয়েক লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। তাঁদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় স্বল্প পারিশ্রমিকের কাজ করেন।
গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্তচৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান। ওই সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে ২০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে বাধ্য হয়।