
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভে অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল বুধবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে গত শনিবার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। দ্বিতীয় দিনের বিক্ষোভে যোগ দেন দেশটির সবচেয়ে বেশি মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯০ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। তিনি তাঁর বক্তৃতায় বলেন, দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে ক্ষমতায় থাকতে প্রধানমন্ত্রী নাজিব রাজাক ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) রাজনীতিকদের ঘুষ দিয়েছেন।
পুলিশপ্রধান খালিদ আবু বকর বলেন, ‘আমরা মাহাথিরকে ডাকব। তিনি বিক্ষোভে অভিযোগ তুলে বক্তৃতা করেছেন। বক্তৃতায় দাবি করেছেন, ইউএমএনওর নেতারা ঘুষ নিয়েছেন। কাজেই আমরা এ ব্যাপারে আরও তথ্য খুঁজে বের করতে চাই।’
গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার তদন্তকারীরা রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে প্রধানমন্ত্রী নাজিবের ব্যক্তিগত ব্যাংক হিসাবে প্রায় ৭০ কোটি ডলার অর্থ স্থানান্তরের বিষয় দেখতে পেয়েছেন।