মায়ের জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

মায়ের শরীরটা ইদানীং অনেক খারাপ যাচ্ছে। ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, সঙ্গে হাইপারটেনশন, দুর্বলতা, চোখে কম দেখা—এগুলো নিয়ন্ত্রণের বাইরে। করোনার ভয়ে পারছেন না কোনো ডাক্তারের সাক্ষাৎ নিতে। বাড়ি থেকে ফোন এলে অজানা আতঙ্ক নিয়ে ফোন রিসিভ করি। না জানি মা আমার এখন কেমন আছেন। শত শরীর খারাপের মধ্যেও আমাদের সঙ্গে সর্বদা হাস্যোজ্জ্বলভাবে কথা বলে। সবকিছু লুকিয়ে রাখে, মনে করেন ছেলে বাইরে আছে জানতে পারলে অনেক দুশ্চিন্তা করবে সেই ভয়ে।

গত এপ্রিলে শ্বশুর ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন। এই নিষ্ঠুর করোনার জন্য ডাক্তারের রেগুলার চেকআপে যেতে পারিনি। শেষে বিনা চিকিৎসায় তাঁকে চলে যেতে হলো। ভাবতে পারি না উনি নেই, অনেক কেঁদেছিলেন যখন আমরা সপরিবারে চলে এসেছিলাম। এখনো হীরা (আমার স্ত্রী) সব সময় ডুকরে ডুকরে কাঁদে। বাবার মৃত্যুশয্যায় সে পাশে থাকতে পারেনি, পারেনি তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য শেষকৃত্যটুকু পর্যন্ত করতে। প্রতিক্ষণ পিতৃবিয়োগের নিদারুণ যন্ত্রণা যে কী কঠিন, ওকে দেখলে বুঝতে পারি। অনেক বুঝিয়ে, সান্ত্বনা দিয়েও ওকে থামাতে পারি না। আজও বাসায় বাবার কথা বলতে বলতে কান্না জুড়ে দিল।

এই তো গত ডিসেম্বরে একটা ইন্টারন্যাশনাল সেমিনারে অংশ নিতে দেশে গিয়েছিলাম। ফিরে আসার পর মনে হতো দেশ তো অনেক কাছেই। ঢাকা থেকে গ্রামের বাড়ি যেতে যতটুকু সময় লাগে, তার থেকে অনেক আগেই চায়না থেকে দেশে ফেরা যায়। এখন ভাবি, বিদেশ আসলে বিদেশই, সেটা সাত সমুদ্র তেরো নদী পারে হোক আর না-ই হোক। গত সপ্তাহে নীলিমা দেশে যাওয়ার পর সবকিছু যেন এলোমেলো লাগে। মেয়েটা আমাদের সঙ্গে গত বছর এখানে এসেছিল, শীতের ছুটিতে দেশে যাওয়ার কথা থাকলেও করোনা এবং সব ফ্লাইট বন্ধ থাকার কারণে যেতে পারিনি। কিন্তু এবার ওকে আর কোনো কিছুতেই থামাতে পারিনি। সেদিন সকালে কল দিয়েই কান্না করে দিল। বলল, ওর বাবার জ্বর, শ্বাসকষ্ট। যেভাবেই হোক দেশে যাবে। অবশেষে ইউএস–বাংলার সাপ্তাহিক একটা ফ্লাইট গুয়াংজু থেকে চালু থাকায় বহু কষ্টে ও বাড়ি পৌঁছাল। ওর বাবা এখনো হাসপাতালে ভর্তি। নিষ্ঠুর করোনার থাবা থেকে ওনার এখনো পরিত্রাণ মেলেনি।

এখনকার রাতের স্বপ্নগুলো ও অনেক আতঙ্কের হয়। সব সময় অজানা ভয় তাড়া করে বেড়ায়। কবে এর থেকে পরিত্রাণ মিলবে? কবে পৃথিবী আবার শান্ত হবে? ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসে। মা-বাবা যে সব সন্তানের মাথার ওপর বড় ছাদ। পৃথিবীর সব মা-বাবা সুস্থ থাকুক।

*ফুজিয়ান, চীন। Email: [email protected]