
সুনামি তাঁদের কাছে থেকে কেড়ে নিয়েছিল মা-বাবাকে। এতিম হয়ে বেঁচে থাকার কষ্ট বুঝেছেন রব ও পল ফোরক্যান। তাই তো এতিমদের দুঃখ-কষ্ট একটু লাঘবের চেষ্টায় এতিমখানা খুলেছেন ব্রিটিশ নাগরিক এই দুই ভাই। তাঁদের এতিমখানাটি চালু হয়েছে শ্রীলঙ্কায়, ১০ বছর আগে সেখানেই তাঁরা হারিয়েছিলেন মা-বাবাকে। খবর এএফপির।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর প্রশান্ত মহাসগর উপকূলজুড়ে আঘাত হানে সাগরতলে ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামি। এতে কয়েকটি দেশে মারা যায় প্রায় দুই লাখ ৮০ হাজার মানুষ।
১০ আগের আগের ওই ডিসেম্বর চার সন্তান নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েছিলেন রব-পলের মা-বাবা কেলভিন-সান্দ্রা দম্পতি। ২৬ ডিসেম্বর সুনামি যখন আঘাত হাতে, তখন তাঁরা ছিলেন উইলিগামার শহরের একটি হোটেলে। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের এ শহরটি রাজধানী কলম্বো থেকে ১৫০ কিলোমিটার দূরে। কিছু বুঝে ওঠার আগেই বিরাট সামুদ্রিক ঢেউ আঘাত করে হোটেলে। রব আর পল দৌড়ে হোটেলের ছাদে গিয়ে বাঁচেন। পরে তাঁরা ভাই ম্যাটি ও বোন রোজিকে খুঁকে পায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। দুজন গুরুতর জখম। কিন্তু মা-বাবার খোঁজ আর তাঁরা পাননি। সদ্য মা হারিয়েছে এমন এক শ্রীলঙ্কান কিশোরের সহযোগিতায় তাঁরা বিভিন্ন হাসপাতালে খুঁজে ফিরেছেন মা-বাবাকে। সেই অনুসন্ধান আজও শেষ হয়নি।
ভয়াবহ সুনামির পর নিঃস্ব-রিক্ত দুই ভাই হেঁটে আর ভ্যানে চড়ে কলম্বোয় পৌঁছান। পরে সেখান থেকে লন্ডনে। তবে সেই আসা সুখকর হয়নি। তাঁরা টানা চার বছর স্কুলের বাইরে কাটিয়েছেন। এ সময় তাঁরা মানুষের জন্য কিছু করতে ঘুরে বেড়িয়েছেন পুরো এশিয়ায়।
রব বলছিলেন, ‘খুব ছোট বয়সে মা-বাবাকে হারিয়ে আমাদের চোখ খুলে গিয়েছিল। মা-বাবা আমাদের যেসব মূল্যবোধ শিখিয়েছিলেন, সেগুলোকে ধারণ করেই আমরা এগিয়ে গেছি।’
পল বলেন, ‘সব নেতিবাচক বিষয়ের মধ্য থেকে ইতিবাচকতা খুঁজে পেতে শিখিয়েছিলেন মা-বাবা।’
শ্রীলঙ্কার সেই হোটেল থেকে খালি পায়ে যাত্রার অভিজ্ঞতা আর ভারতের স্বাধীনতার আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দুই ভাই ২০১১ সালের গ্রীষ্মে চালু করেন চপ্পলের ব্যবসা। তাঁদের প্রতিটি চপ্পলের গায়ে ‘এতিমের জন্য এতিম’ (অরফানজ ফর অরফানজ) কথাটি লেখা থাকে। এটি তাঁদের দাতব্য প্রতিষ্ঠানের নামও। এসব সামগ্রী বিক্রি থেকে পাওয়া লাভের ১০ ভাগ বিভিন্ন দেশের এতিমখানায় যায়। ২০১৪ সালে আড়াই লাখ চপ্পল বিক্রি হয়েছে। কোটিপতি রিচার্ড ব্র্যানসন ও অভিনেত্রী জেসিকা অ্যালবার পায়ে উঠেছে এই চপ্পল। বাকিংহাম প্যালেসে প্রিন্স উইলিয়াম ও হ্যারির আতিথ্যও গ্রহণ করেছেন রব ও পল।
১০ বছর আগে শ্রীলঙ্কা ছেড়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো এ সপ্তাহে দেশটিতে এলেন দুই ভাই এতিমখানা উদ্বোধনের জন্য। এই এতিমখানায় ঠাঁই হবে ৪০০ শিশুর।