মিউনিখে নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিল আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কর্মকর্তারা গতকাল শুক্রবার বলেছেন, খ্রিষ্টীয় নববর্ষের প্রাক্কালে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিউনিখ শহরে ‘আত্মঘাতী হামলা’র পরিকল্পনা করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেয়ে দুটি রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়। নববর্ষের অনুষ্ঠানে হামলার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন শহরে সতর্কতা জারির মধ্যে এমন খবর এল। খবর এএফপি ও বিবিসির।
দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান জানান, একটি ‘বন্ধুভাবাপন্ন গোয়েন্দা সংস্থা’র মাধ্যমে জার্মানির কর্তৃপক্ষ ওই পরিকল্পনার কথা জানতে পারে। প্রাপ্ত তথ্য মোতাবেক, আইএস স্থানীয় সময় গত বৃহস্পতিবার মধ্যরাতের দিকে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভাষ্য, ফরাসি কর্তৃপক্ষ জার্মানিকে এই গোয়েন্দা তথ্য দিয়েছিল।
মিউনিখ পুলিশের প্রধান উবার্টুস অ্যান্দ্রে বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে যখন চারদিকে উৎসব শুরু হয়, তখন ‘আত্মঘাতী’ হামলার পরিকল্পনা করা হয়েছিল। সন্দেহভাজন ‘পাঁচ থেকে সাতজন’ এই পরিকল্পনায় জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’র সতর্কতা জারির পর পুলিশ মিউনিখের প্রধান রেলস্টেশন এবং পশ্চিম উপকণ্ঠের পাসিং এলাকার আরেকটি স্টেশন বন্ধ করে দেয়। এসব স্থান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। স্টেশন দুটিতে রেলসেবা বন্ধ করে দেওয়া হয়।