মিথ্যে অজুহাতে ছুটি চেয়ে চাকরি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন পরই চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ষাট বছরের শিগেনোরি নাতোরির। তবে এর মাত্র কয়েক সপ্তাহ আগে স্বভাব দোষে মিথ্যে বলে ছুটি নিতে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ধরা পড়ে যান, আর অমনি চলে যায় চাকরি।

শুধু তাই নয়, চাকরি শেষে তাঁর যে থোক টাকা পাওয়ার কথা ছিল, সেখান থেকে এর অর্ধেকটা শাস্তি হিসেবে কেটে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় সেনদাই শহরে।

গত শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সেনদাই শহরের সরকারি উদ্যান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শিগেনোরি নাতোরি। গত পাঁচ বছরে মধ্যে তিনি ১২ জন আত্মীয়ের মৃত্যুর মিথ্যা অজুহাত দেখিয়ে মোট ১৬ দিন ছুটি কাটিয়েছেন। এতকাল সব ঠিকঠাকই চলছিল। তাঁর এ ফাঁকি কেউ টের পাননি। সম্প্রতি বার্ষিক সব পাওনা ছুটি শেষ হয়ে যাওয়ায় আবারও এক আত্মীয়ের মৃত্যুর অজুহাতে ছুটির আবেদন করেন শিগেনোরি। কিন্তু বিধিবাম! যে আত্মীয়ের শেষকৃত্যানুষ্ঠানে যাওয়ার জন্য তিনি ছুটির আবেদন করেছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখলেন, একই লোকের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এর আগেও শিগেনোরিকে তাঁরা ছুটি দিয়েছেন।

সেনদাই শহরের কর্মকর্তারা জানান, আত্মীয় মারা গেছে দাবি করে এতদিন নাতোরি ছুটির জন্য ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। ওই সব কাগজপত্রে জীবিত ব্যক্তিকেও মৃত হিসেবে দেখানো হয়েছে। আবার অনেকের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে, তাঁরা সেখানে কখনোই বাস করতেন না।

ধরে পড়ে যাওয়ার পর নিজের কৃতকর্মের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন শিগেনোরি নাতোরি।