মিনা দুর্ঘটনা নিয়ে নমনীয় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মিনায় গত ২৪ সেপ্টেম্বর পদপিষ্ট হয়ে বিপুলসংখ্যক হাজির হতাহতের ঘটনা মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে মন্তব্য করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী। গত বুধবার সৌদি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জেদ্দায় এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
ইতিমধ্যে হতাহত সব হাজির ডিএনএ প্রোফাইল তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। খবর এপি ও আরব নিউজের।
গত বুধবার সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহর সঙ্গে বৈঠকে ইরানি স্বাস্থ্যমন্ত্রী হাসান হাশিমি ভয়াবহ মিনা দুর্ঘটনায় সৌদি আরবের উদ্ধার ও চিকিৎসা তৎপরতার প্রশংসা করে বলেন, ওই দুর্ঘটনা ছিল মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই মানুষের উচিত সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা।
কঠিন পরিস্থিতির মধ্যেই প্রতিবছর হাজিদের যে সেবা সৌদি আরব দিয়ে থাকে, তারও প্রশংসা করেন ইরানি মন্ত্রী হাসান হাশিমি। পবিত্র মক্কা নগরীতে ক্রেন ভেঙে পড়া ও মিনায় পদপিষ্ট হয়ে হাজিদের হতাহতের ঘটনা নিয়ে ইরান রাজনীতি করছে—সৌদি আরবের তরফে এমন সমালোচনা করার পর ইরানি মন্ত্রী এ বক্তব্য দিলেন।
তা ছাড়া, মন্ত্রীর এ বক্তব্যের আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দুর্ঘটনায় নিহত ইরানি হাজিদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানো না হলে সৌদি আরবকে কড়া ও ক্ষিপ্ত প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। মিনায় নিহত হাজিদের মধ্যে ইরানের নাগরিক রয়েছেন সর্বাধিক ৪৬৪ জন।
দুর্ঘটনার পর ইরানসহ কয়েকটি দেশ অভিযোগ তোলে, সৌদি আরবের কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তায় উদাসীন ছিল। আয়াতুল্লাহ খামেনি বিপুলসংখ্যক হাজির হতাহতের ঘটনায় সৌদি আরবের প্রতি ক্ষমা প্রার্থনারও আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, দুঃখজনক এ ঘটনার দায়দায়িত্ব সৌদি সরকারের।
খামেনির এ বক্তব্যের আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে দেওয়া ভাষণে ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। আর ইরানের প্রসিকিউটর জেনারেল সৈয়দ ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সৌদি রাজপরিবারের ‘অপরাধের’ জন্য আন্তর্জাতিক আদালতে তাদের বিচার চাইবে ইরান।
ওদিকে দুর্ঘটনার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে সৌদি সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের সঙ্গে দেখা করেন। তখন গ্র্যান্ড মুফতি তাঁকে বলেছিলেন, ‘যেহেতু মৃত্যুর ওপর মানুষের হাত নেই, সে জন্য আপনাকে (এ ঘটনার জন্য) দোষারোপ করা যাবে না। নিয়তি বা তকদির অমোঘ, অলঙ্ঘ্যেয়।’
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গণমাধ্যমে নিহত বা নিখোঁজ হাজিদের সংখ্যা নিয়ে নতুন কোনো তথ্য জানা যায়নি।
ডিএনএ নমুনা সংগ্রহ শেষ: মিনায় হতাহত সব হাজির ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ অবস্থায় হতাহত হাজিদের স্বজনদের প্রতি রক্তের নমুনা সরবরাহ করার আহ্বান জানিয়েছে দেশটি; যেন অশনাক্তকৃত হাজিদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়।