সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হওয়ার ঘটনায় মারা যাওয়া হাজির সংখ্যা দেশটির স্বীকার করা সংখ্যার তিন গুণ বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিজস্ব তথ্যের ভিত্তিতে এপি বলছে, পদদলনের ঘটনায় কমপক্ষে ২ হাজার ৪১১ জন হাজি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েক শ লোক। সৌদি আরব অবশ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, নিহতের সংখ্যা ৭৬৯ জন। বার্তা সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকা এই খবর জানিয়েছে।
এপির তথ্যমতে, এটি হজের ইতিহাসে ভয়াবহতম হতাহতের ঘটনা। বার্তা সংস্থাটি এবারের হজে এসেছিল এমন ৩৬ দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং দেশগুলোর গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে নিহতের এই সংখ্যা পেয়েছে বলে জানিয়েছে।
বার্তা সংস্থাটির হিসাবে পদদলনে নিহত হাজিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইরানের ৪৬৪ জন। এ ছাড়া উল্লেখযোগ্য হলো মালির ৩০৫ জন, নাইজেরিয়ার ২৭৪ জন, মিসরের ১৯০, বাংলাদেশের ১৩৭ জন, পাকিস্তানের ১০২ জন, নাইজারের ৯২ জন, সেনেগালের ৬১ জন, ইথিওপিয়ার ৫৩ জন, আইভরি কোস্টের ৫২ জন, বেনিনের ৫০ জন, আলজেরিয়ার ৪৬, চাদের ৪৩ জন, মরক্কোর ৪২ জন, সুদানের ৩০ জন, তানজানিয়ার ২৫ জন।
বিপুলসংখ্যক হাজির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাপের মুখে পড়ে সৌদি আরব। এ ঘটনার জন্য দেশটির হজ ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল ইরান। সৌদি আরব ওই দাবি নাকচ করে। সৌদি বাদশা সালমান বিন-আবদুল আজিজ ঘটনার নিজস্ব তদন্তের ঘোষণা দিলেও তদন্তের সামান্য তথ্যই প্রকাশ করা হয়েছে।