মিনি স্কার্ট পরা সেই মডেলকে মুক্তি দিল সৌদি পুলিশ
সৌদি আরবে মিনি স্কার্ট পরে ঐতিহাসিক দুর্গে হেঁটে যাওয়া সেই মডেলকে মুক্তি দিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আজ বুধবার সৌদি সরকার এ কথা জানিয়েছে।
সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই নারীকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হয়েছে।
সৌদি পুলিশ জানায়, ধারাবাহিক ভিডিওতে মিনি স্কার্ট পরে হাঁটার দৃশ্যে মেয়েটিকে দেখার পর তারা তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। ওই ভিডিও প্রাথমিকভাবে স্নাপচ্যাটে প্রকাশ করা হয়।
খুলুদ নামের ওই মডেলের ভিডিওতে দেখা যায়, রাজধানী রিয়াদের প্রায় ১৫৫ কিলোমিটার উত্তরে নাজদ প্রদেশে উশায়কার হেরিটেজ ভিলেজে একটি দুর্গের পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন তিনি। তাঁর পরনে মিনি স্কার্ট। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। সপ্তাহজুড়ে ‘মডেল খুলুদ’ নামের স্নাপচ্যাট অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওগুলো আপলোড করা হয়।
এক বিবৃতিতে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই নারী মিনি স্কার্ট পরে উশায়কার হেরিটেজ ভিলেজে একটি দুর্গের পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটার কথা স্বীকার করেছেন। তবে, ওই ভিডিও আপলোড করার কথা তিনি অস্বীকার করেছেন। ওই ভিডিও তাঁর অজান্তেই আপলোড করা হয় বলে জানান তিনি।
লিঙ্ক
আরও পড়ুন...