মিনিটেই শেষ অমূল্য ঐতিহাসিক স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত কাঠমান্ডুর দরবার স্কয়ার। ইনসেটে আগের ছবি   এএফপি
ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত কাঠমান্ডুর দরবার স্কয়ার। ইনসেটে আগের ছবি এএফপি

নেপালে গত শনিবারের ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কমবেশি এক মিনিট। তবে দেশটির শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস ধুলায় মিশিয়ে দিতে এই এক মিনিটই ছিল যথেষ্ট। রাজধানী কাঠমান্ডুর ধরহারাসহ (আরেক নাম ভীমসেন টাওয়ার) নেপালের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভয়াবহ এই ভূমিকম্প। এর মধ্যে অনেকগুলো স্থাপনা চিরতরে হারিয়ে যাবে বলে আশঙ্কা ইতিহাসবিদদের। খবর বিবিসি ও ইকান্তিপুর ডটকমের।
কাঠমান্ডুর জনপ্রিয় পর্যটন এলাকা বসন্তপুরের দরবার স্কয়ারের ৮০ শতাংশ মন্দিরই ধ্বংস হয়ে গেছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে। বিশ্ব ঐতিহ্য হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাওয়া দরবার স্কয়ার দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। মাটির সঙ্গে মিশে গেছে কাষ্ঠমণ্ডপ, পঞ্চটেল মন্দির, নয়তলাবিশিষ্ট বসন্তপুর দরবার, দেশা অবতার মন্দির, কৃষ্ণমন্দির এবং শিব প্রভাতি মন্দিরের পেছনে অবস্থিত দুটি দেয়াল।
কাষ্ঠমণ্ডপের নামানুসারেই রাজধানী কাঠমান্ডুর নামকরণ করা হয়। ষোড়শ শতকের শুরুর দিকে নির্মিত হয় কাঠের এই স্থাপনাটি। কুমারী মন্দির, তালেজু ভবানীসহ আরও কয়েকটি ঐতিহাসিক স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ধরহারা টাওয়ারের ধ্বংসাবশেষের ভেতর থেকে কমবেশি ২৪টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ১০০ লোক টাওয়ারটিতে ওঠার জন্য টিকিট কিনেছিল। তবে ভূমিকম্প আঘাত হানার সময় তারা এতে না ওঠায় বেঁচে গেছে। ৮৩ বছর আগে ১৯৩৪ সালেও একবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ধরহারা টাওয়ার। সে সময় এটি ভেঙে কয়েক খণ্ড হয়ে গিয়েছিল। তবে আবার গড়ে তোলা হয় ধরহারাকে। একসময় কাঠমান্ডুর আকাশে মাথা উঁচু করে দাঁড়ানো গুটি কয়েক স্থাপনার একটি ছিল এটি। শনিবারের ভূমিকম্পে টাওয়ারটির প্রায় পুরোটাই আবার বিধ্বস্ত হয়েছে।
পাটান ও ভক্তপুর এলাকার বেশ কয়েকটি মন্দির ও ঐতিহাসিক ভবনও সম্পূর্ণ বিধ্বস্ত বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুসালা এলাকার জয় বাগেশ্বরী মন্দিরের চূড়া এবং পশুপতিনাথ মন্দির, স্বয়ম্ভূনাথ, বুদ্ধনাথ স্তূপ, রত্নমন্দির, রানি পোখারি এবং দরবার হাইস্কুলের অংশবিশেষও ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পের ঝাঁকুনিতে। এর মধ্যে বৌদ্ধমন্দির স্বয়ম্ভূনাথ প্রতিষ্ঠা করা হয় পঞ্চম শতকে।
পাটানের চার নারায়ণ মন্দির, যোগ নরেন্দ্র মল্লার ভাস্কর্য, তালেজু মন্দির, হরি শঙ্কর ও উমা মহেশ্বর মন্দির এবং বাঙ্গামাতি এলাকার মাছিন্দ্রনাথ মন্দিরও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ত্রিপুরেশ্বর এলাকার কাল মশান ঘাট। এটি মোগল স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছিল। ওই এলাকার কাছে অবস্থিত ত্রিপুরা সুন্দরী স্থাপনাটিও বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
ভক্তপুর এলাকার ফাসি দেব মন্দির, চরধাম মন্দির ও ১৭ শতকের ভাতশালা দুর্গামন্দিরসহ অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপত্যকার বাইরে গোর্খা এলাকার মনকামনা মন্দির, গোর্খা দরবার, কাবেরি পালনচক এলাকার পালনচক ভগবতী, পাল্পা এলাকার রানি মহল, জনকপুর এলাকার জানকী মন্দির, মাকওয়ানপুর এলাকার চুরিয়ামাই, দোলাখা এলাকার দোলাখা ভীমসেনস্থান এবং নোয়কোট দরবার আংশিক ক্ষতির শিকার হয়েছে।
নেপালের ইতিহাসবিদ পুরুষোত্তম লোচন শ্রেষ্ঠ মনে করছেন, এসব ঐতিহাসিক স্থাপনার অনেকগুলোই চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। কারণ, এগুলোর পুনর্গঠন যেমন কারিগরি দিক দিয়ে অনেক কঠিন, তেমনি ব্যয়বহুলও। তিনি বলেন, ‘কাঠমান্ডু, ভক্তপুর ও ললিতপুরের যেসব স্থাপনাকে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, তার বেশির ভাগকেই হারিয়ে ফেলেছি আমরা। এগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না।’