মিন্দানাও দ্বীপে সামরিক আইনের মেয়াদ বাড়ল
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ে জারি করা সামরিক আইন চলতি বছরের শেষ পর্যন্ত বহাল রাখার অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। গতকাল শনিবার আইনপ্রণেতাদের দুই-তৃতীয়াংশের বেশি এই প্রস্তাব অনুমোদন করেন। এর মধ্য দিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সম্পৃক্ত বিদ্রোহীদের দমনে অতিরিক্ত সময় পেলেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মিন্দানাওয়ে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই বেড়ে চলার প্রেক্ষাপটে সেখানে সামরিক আইনের মেয়াদ আরও ৬০ দিন অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে কি না, তা নিয়ে কংগ্রেসে ভোটাভুটির আয়োজন করা হয় গতকাল। মিন্দানাওয়ের মারাউই শহর আইএস মতাদর্শী বিদ্রোহীরা দখলে নেওয়ার পরপরই গত ২৩ মে সেখানে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট দুতার্তে। শহরটি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করতে সেখানে দুই মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটের সাত ঘণ্টাব্যাপী যৌথ অধিবেশনে ২৬১ জন আইনপ্রণেতা মিন্দানাওয়ে সামরিক আইনের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেন, যা দুই-তৃতীয়াংশের বেশি। ভোটাভুটির আগ দিয়ে নিরাপত্তা কর্মকর্তারা আইনপ্রণেতাদের বলেন, আইএসের প্রভাব বাড়ছে—এমন একটি অঞ্চল স্থিতিশীল করতে সামরিক আইন বহাল থাকা জরুরি।