মিয়ানমারে খনিতে ভূমিধসে নিহত ৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে মূল্যবান জেড পাথরের খনিতে গতকাল রোববার সকালে ভূমিধসে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন অনেকে। খবর এএফপি ও বিবিসির।
স্থানীয় গণ্যমাধ্যমের খবরে বলা হয়, হাপাকান্ট এলাকায় খনি কোম্পানির ফেলে রাখা বর্জ্যের বিশাল স্তূপ ধসে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। এর নিচে চাপা পড়ে লোকজন মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবর্জনার স্তূপ থেকে মূল্যবান পাথরের টুকরো খোঁজা দরিদ্র মানুষেরা।
দুর্ঘটনাস্থলে জোর উদ্ধার অভিযান চালাচ্ছে মিয়ানমারের রেডক্রস, সেনা, পুলিশ ও স্থানীয় কমিউনিটি গ্রুপগুলো।
স্থানীয় কর্মকর্তা নিলার মিয়ান বলেন, ‘কেউই জানেন না সেখানে ঠিক কতজন বাস করতেন। ধ্বংসস্তূপের নিচ থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু কিছুক্ষণ পর তিনিও মারা যান।’