মিয়ানমারে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রবিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের প্রিজন ভ্যানে করে লেতপাদান শহরের আদালতে নেওয়া হয়। ১০ মার্চ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। ছবি: এএফপি
ছাত্রবিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের প্রিজন ভ্যানে করে লেতপাদান শহরের আদালতে নেওয়া হয়। ১০ মার্চ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। ছবি: এএফপি

মিয়ানমারে সাম্প্রতিক ছাত্রবিক্ষোভের সময় আটক শিক্ষার্থীদের শুনানির জন্য আজ বুধবার লেতপাদান শহরের আদালতে নেওয়া হয়েছে।
মিয়ানমারের শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে শিক্ষা আইনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তাঁরা এ-সংক্রান্ত নতুন একটি আইনে পরিবর্তন আনার দাবি করছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, স্কুল ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ছাত্রসংগঠনের অনুমতি দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিগত সংখ্যালঘুদের ভাষা শিক্ষার ব্যবস্থা করা।
শিক্ষা আইনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় সম্প্রতি দুই দফা শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ৫ মার্চ প্রথম ঘটনা ঘটে ইয়াঙ্গুনে। দ্বিতীয় ঘটনাটি ঘটে লেতপাদান শহরে। মাস খানেক আগে দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল করে ইয়াঙ্গুনে আসার পথে সেখানেই একদল শিক্ষার্থীকে কিছুদিন ধরে আটকে রাখা হয়েছিল। গত ১০ মার্চ অবরুদ্ধ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

আদালতের সামনে পুলিশের কড়া পাহারা। ছবি: এএফপি
আদালতের সামনে পুলিশের কড়া পাহারা। ছবি: এএফপি

দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রায় ৮০ জন শিক্ষার্থী কারাগারে রয়েছেন। পুলিশের সশস্ত্র কড়া পাহারার মধ্য দিয়ে থারাওয়াদি কারাগার থেকে বন্দীদের বহন করা তিনটি গাড়িতে করে তাঁদের আদালতে নেওয়া হয়।
কারাগারে থাকা ফিও ফিও ওয়াং নামের এক শিক্ষার্থীর মা নে উইন অভিযোগ করেন, কারাগারে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার মেয়ে এখনো জানে না যে তাঁদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে। তাঁরা এখনো পরিষ্কার করে কিছু বলেনি। গ্রেপ্তারের পর তাঁর মেয়েকে মাথায় ছয়বার আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দীর্ঘদিনের প্রত্যক্ষ সামরিক শাসনের বদলে ২০১১ সাল থেকে মিয়ানমারে সেনাসমর্থিত একটি ছদ্ম বেসামরিক সরকার ক্ষমতায় রয়েছে। এ সরকারের আমলে রাজবন্দীদের মুক্তিসহ বেশ কিছু গণতান্ত্রিক সংস্কার হয়েছে। তবে গুরুত্বপূর্ণ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে রাজনৈতিক সংস্কার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।