মিয়ানমারে বিরোধী প্রার্থীর ওপর হামলা
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দলের এক পার্লামেন্ট সদস্য নির্বাচনী প্রচারাভিযানের সময় হামলায় আহত হয়েছেন। গত বৃহস্পতিবার তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তিন ব্যক্তি। খবর বিবিসি ও রয়টার্সের।
মিয়ানমারে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পোস্টারের ক্ষতি করা ও সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এরই মধ্যে পাওয়া গেছে। তবে প্রচারাভিযানে প্রার্থীর ওপর গুরুতর হামলার ঘটনা এটাই প্রথম।
প্রায় অর্ধশত বছরের সেনাশাসনের পর রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে মিয়ানমারে ২০১১ সালে সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে। তারপর থেকে এটাই হবে দেশটির প্রথম নির্বাচন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিন হামলাকারী চাপাতি দিয়ে এনএলডির প্রার্থী নাইন নগান লিন ও আরও দুই ব্যক্তির ওপর হামলা করে। তারা নগান লিনের মাথায় ও হাতে কোপ দেয়। ওই হামলাকারীদের আটক করেছে পুলিশ।
আহত নাইন নগান লিন আঞ্চলিক পরিষদের নির্বাচনে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি আসনে লড়ছেন।