মিয়ানমারে মানুষ কমেছে ৯০ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে আদমশুমারি হয়েছিল ১৯৮৩ সালে। এর ভিত্তিতে এত দিন ধারণা করা হতো, দেশের জনসংখ্যা ছয় কোটিতে পৌঁছেছে। কিন্তু নতুন করে গণনার পর বলা হচ্ছে, দেশটির জনসংখ্যা এখন পাঁচ কোটি ১০ লাখ। খবর বিবিসি ও এএফপির।
নতুন আদমশুমারির প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে গত শুক্রবার। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, রাখাইন প্রদেশের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা এবং কোচিন প্রদেশের জাতিগত বিদ্রোহীদের আদমশুমারিতে অন্তর্ভুক্ত করা হয়নি।
আদমশুমারি থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার ব্যাপারে দেশটির সরকারের ভাষ্য হলো, তারা সে দেশের বৈধ নাগরিক নয়। তারা জাতিতে ‘বাঙালি’ এবং বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছে।
রোহিঙ্গারা মিয়ানমারেরই একটি জাতি হলেও বরাবরই তাদের নিজেদের নাগরিক হিসেবে অস্বীকার করে এসেছে দেশটির সরকার। তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে। এ নিয়ে রাখাইন প্রদেশে জাতিগত সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। এখন আদমশুমারি থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়।
নতুন আদমশুমারি পরিচালিত হয়েছে চলতি বছরের ৩০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। এতে সহায়তা করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল। 
গতকাল শনিবার ইয়াঙ্গুনে এক সংবাদ সম্মেলনে শুমারির বিভিন্ন তথ্য তুলে ধরেন অভিবাসনমন্ত্রী খিন ইই। তিনি জানান, শুমারির পূর্ণাঙ্গ ফলাফল আগামী বছরের মে মাসে তুলে ধরা হবে।
রোহিঙ্গাসহ অন্যদের শুমারি থেকে বাদ দেওয়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন খিন। তিনি বলেন, ‘আমরা ওই সব এলাকার স্থিতিশীলতা নষ্ট করতে চাইনি। এ জন্য সেখানে শুমারি করা হয়নি।... এমনকি ৩০ বছর আগের শুমারিতেও সংঘাতের কারণে সব অঞ্চল বা গ্রাম অন্তর্ভুক্ত হয়নি।’