মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের অধিকার লঙ্ঘনের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ—ইউএনএইচআরসি। ভোট ছাড়াই গৃহীত ওই প্রস্তাবে দেশটির অন্যান্য সংখ্যালঘু ও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে। খবর পিটিআইয়ের।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে—এমন ধারণাকে বাজে ধারণা বলে উল্লেখ করেছে নেপিডো। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি মং ওয়াই ওই প্রস্তাবের সমালোচনা করে বলেন, এই প্রস্তাবে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন কিংবা মানবাধিকার রক্ষার কোনো বিষয় উল্লেখ নেই। তিনি আরও বলেন, মিয়ানমারে মুসলিমদের অধিকার লঙ্ঘনের ধারণা পুরোপুরি ভুল। এটা একেবারেই ভুল ধারণা।
জাতিসংঘের নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি অজিত কুমার গতকাল এক বিবৃতিতে জানান, ইউএনএইচআরসির গৃহীত ওই প্রস্তাবের সঙ্গে নয়াদিল্লি একমত নয়। প্রস্তাবে যে ইস্যুগুলো তুলে ধরা হয়েছে, বৈশিষ্ট্যগতভাবে সেগুলো সাম্প্রদায়িক।
ইউএনএইচআরসি গতকাল এক বিবৃতিতে মিয়ানমারকে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের পর্যালোচনাসহ নাগরিকত্বের পূর্ণাঙ্গ অধিকারগুলো নিশ্চিত করার আহ্বান জানায়।