মিয়ানমারের সরকার জানিয়েছে, তারা গতকাল বৃহস্পতিবার প্রায় সাত হাজার বন্দীকে মুক্তি দিয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ক্ষমার আওতায় ওই বন্দীদের মুক্তি দেওয়া হলো। খবর এপি ও বিবিসির।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট থেইন সেইন ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে ওই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় মোট ৬ হাজার ৯৬৬ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে কোনো রাজবন্দী আছেন কি না, তা স্পষ্ট নয়।
২০১০ সালে মিয়ানমারের ক্ষমতায় আসা সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন সেইন সব রাজনৈতিক বন্দীকে মুক্তির আশ্বাস দিয়েছেন। বেশির ভাগ রাজবন্দীকে এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে।
গতকাল মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ বছর ধরে বন্দী আট সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন।
এদিকে চীনের গণমাধ্যম জানিয়েছে, মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে দেড় শর বেশি চীনা কাঠুরে রয়েছেন। অবৈধভাবে সীমান্ত এলাকার বনের গাছ কাটার অভিযোগে ওই কাঠুরেদের আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৫৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, মিয়ানমারে যা সাধারণত ২০ বছর হয়ে থাকে। মাত্র ১৭ বছর বয়সী বাকি দুজনকে ১০ বছরের সাজা দেওয়া হয়। এ ঘটনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।