মিসরীয় খ্রিষ্টানদের বাসে হামলায় নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরীয় খ্রিষ্টানদের বহনকারী একটি বাসে অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার মিনিয়া প্রদেশে এ ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়। খবর এএফপি ও আল-জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মোজাহেদ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, মিনিয়া প্রদেশে ওই হামলায় ২৪ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাসটি মিনিয়া প্রদেশের সেন্ট স্যামুয়েল আশ্রমে যাচ্ছিল। পথে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের দূরত্ব রাজধানী কায়রো থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে।

গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের এপ্রিলে বোমা হামলা চালানোর পর মিনিয়া প্রদেশে মিসরীয় কপটিক খ্রিষ্টানদের ওপর এ হামলা চালানো হলো। ওই বোমা হামলা দুটির দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় বেশ কয়েকজন মিসরীয় কপটিক খ্রিষ্টান নিহত হন।

ওই দুটি হামলার পর আইএস কপটিক খ্রিষ্টানদের ওপর আরও হামলা চালানোর হুমকি দেয়। মিসরের নয় কোটি জনসংখ্যার ১০ শতাংশ কপটিক খ্রিষ্টান।

ডিসেম্বরের ওই হামলাটি চালানো হয় কায়রোর একটি গির্জায়। আত্মঘাতী ওই বোমা হামলায় নিহত হয় ২৯ জন। ১১ এপ্রিল কায়রোর উত্তরে দুটি গির্জায় বোমা হামলায় নিহত হয় ৪৫ জন। দেশটির কপটিক খ্রিষ্টানদের ওপর ওটাই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।