মিসরীয় বিমানে বিস্ফোরণ নিয়ে দুই রকম বক্তব্য
মিসরের বিমান দুর্ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি তদন্ত সূত্র বলেছে, প্রাপ্ত দেহাবশেষ বিশ্লেষণ করার পর তাঁরা মনে করছেন, বিমানটির ভেতরে বিস্ফোরণ ঘটেছিল। তবে ফরেনসিক দলের প্রধান হিশাম আবদেলহামিদ পরে তাঁদের এই বক্তব্য নাকচ করে দিয়েছেন।
এক ফরেনসিক কর্মকর্তা গতকাল মঙ্গলবার রয়টার্সকে বলেন, ভূমধ্যসাগরে যে ছিন্নভিন্ন দেহাবশেষ পাওয়া গেছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় টুকরাটি হাতের তালুর সমান। দেহখণ্ডগুলোর ধরন দেখে তাঁরা মনে করছেন, বিমানের মধ্যেই বিস্ফোরণ ঘটেছিল। তবে কোনো বিস্ফোরকের অস্তিত্বের লক্ষণ তাঁরা পাননি।
তবে এই খবর প্রকাশের পরপরই ফরেনসিক বিভাগের প্রধান আবদেলহামিদ এক বিবৃতিতে বলেন, ‘এ বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ফরেনসিক কর্তৃপক্ষ এমন পূর্বধারণাও দেয়নি।’
এর আগে ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা দাবি করেন, বিমানটি বিধ্বস্তের আগে কেবিনের মধ্যে ধোঁয়া উড়েছিল।
এদিকে, গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী বিমানটি দুর্ঘটনার আগে প্রথমে ৯০ ডিগ্রি বাঁক খাওয়ার পর ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে নিচে নেমে যায় বলে যে বক্তব্য দিয়েছিলেন তা নাকচ করেছেন মিসরের কর্মকর্তারা।