মিসরীয় বিমানের জরুরি অবতরণ
ভেতরে বোমা পাতা আছে—টেলিফোনে এমন হুমকিতে বেইজিংগামী মিসরের একটি উড়োজাহাজ জরুরি ভিত্তিতে উজবেকিস্তানে অবতরণ করেছে। পরে তল্লাশিতে কিছু না পাওয়ায় আবার উড়োজাহাজটি এর গন্তব্য পথে যায়। মিসরীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারের ওই উড়োজাহাজে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট সংখ্যা ছিল ১৩৫। সংস্থার চেয়ারম্যান সাফাওয়াত মোসাল্লাম বলেন, গত মঙ্গলবার রাত কায়রোর স্থানীয় সময় ১১টা ৫৫ মিনিটে এমএস৯৫৫ উড়োজাহাজটি বিমানবন্দর ছেড়ে যায়। বিমান আকাশপথে থাকার সময় অজ্ঞাতনামা একজন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের ফোন করে জানায়, বিমানে বোমা পাতা রয়েছে। তারা বিমানের পাইলটকে দ্রুত কাছের কোনো বিমানবন্দরে দ্রুত অবতরণের জন্য জানিয়ে দিতে বলে। এরপরই বিমানটি দ্রুত উজবেকিস্তানের আরজেঞ্চ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর পরপরই সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে তল্লাশি করেন উজবেক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চার ঘণ্টা এটি ছিল ওই বিমানবন্দরে। বোমা না পাওয়ার পর নিরাপত্তাকর্মীদের ছাড়পত্র নিয়ে বিমানটি আবার আকাশে ওড়ে। বিবিসি