মিসরে আল-জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-জাজিরার তিন সাংবাদিক মোহাম্মদ ফাহমি (বামে), পিটার গ্রিস্টে ও বাহের মোহাম্মদ। ছবি: এএফপি
আল-জাজিরার তিন সাংবাদিক মোহাম্মদ ফাহমি (বামে), পিটার গ্রিস্টে ও বাহের মোহাম্মদ। ছবি: এএফপি

মিসরে আল-জাজিরার তিন সাংবাদিককে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ‘মিথ্যা খবর’ প্রচারের মামলায় নতুন করে বিচারে তাঁদের এই সাজা দেওয়া হয়। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দণ্ড পাওয়া সাংবাদিকেরা হলেন- অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রিস্টে, মিসরীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক মোহাম্মদ ফাহমি ও মিসরীয় বাহের মোহাম্মদ।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ফাহমি ও বাহের। চলতি বছরের শুরুর দিকে পিটার অস্ট্রেলিয়া চলে যাওয়ায় পুনর্বিচার হয়েছে তাঁর অনুপস্থিতিতে।

আল-জাজিরার এই তিন সাংবাদিককে ২০১৩ সালে গ্রেপ্তার করে মিসরের কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা খবর’ প্রচার এবং নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। তবে তাঁরা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

গত বছর এই তিন সাংবাদিককে সাত থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেন কায়রোর একটি আদালত। ওই শাস্তির বিরুদ্ধে কায়রোর সর্বোচ্চ আপিল আদালতে তাঁরা আবেদন করেন। শুনানির পর আদালত তাঁদের আবেদন গ্রহণ করেন এবং দণ্ড বাতিল করে মামলাটি নতুন করে বিচার করার নির্দেশ দেন।