মিসরে গাড়িবোমা হামলায় ক্ষয়ক্ষতি
মিসরের রাজধানী কায়রোতে গতকাল বুধবার দিবাগত রাতে শক্তিশালী গাড়িবোমা হামলায় ছয় পুলিশ আহত হয়েছেন । কায়রোর শুবরা শহরে পুলিশ ভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
আজ বৃহস্পতিবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে আচমকা নিরাপত্তা ভবনের সামনে থেমে যান। পরে গাড়ি থেকে দ্রুত বের হয়ে একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। ওই মোটরসাইকেলটি গাড়িটির পেছনে আসছিল। এরপরই গাড়িটি বিস্ফোরিত হয়।
নাম প্রকাশ না করে একজন নিরাপত্তাকর্মী বলেন, মিসরের নিরাপত্তা ভবনকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সন্ত্রাসবিরোধী আইনে সমর্থন দেওয়ার পরদিনই এই হামলা হলো। এই আইনে পুলিশকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে বলে সমালোচনা চলছে। সমালোচকদের আশঙ্কা, এতে মানবাধিকার লঙ্ঘনও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।