মিসরে গির্জায় বোমা, নিহত ২৫

মিসরের রাজধানী কায়রোয় কপটিক খ্রিষ্টানদের একটি গির্জায় বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কিছুসংখ্যক মানুষ। সাপ্তাহিক প্রার্থনা উপলক্ষে গতকাল রোববার লোকজন সেন্ট পিটার্স চার্চ নামের গির্জাটিতে জড়ো হওয়ার পর সকাল ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
কায়রোয় একই প্রাঙ্গণে সেন্ট মার্ক ক্যাথেড্রালের লাগোয়া সেন্ট পিটার্স গির্জা। ঘটনাস্থলের ছবি ও ভিডিও চিত্রে দেখা গেছে, বোমার আঘাতে গির্জাটির ভেতরে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস ভেঙেচুরে আছে। পাকা দেয়াল ও থামে বিস্ফোরণের আঘাতের চিহ্ন। জানালা-দরজা ভেঙে গেছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ছাদের আস্তর ও ভেঙে যাওয়া কাচ।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী। এ ছাড়া এদের মধ্যে কমপক্ষে ছয়জন শিশু।
ঘটনার পরপরই গির্জার কাছে হাজার হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী জড়ো হন। তাঁরা সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার সমর্থনে অনেক উসকানিমূলক বক্তব্য এসেছে।
একজন কর্মকর্তা বলেন, ক্যাথেড্রালের যে পাশে নারীরা বসে উপাসনা করেন, সেদিকটায় প্রায় ১২ কেজি ওজনের বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন ইমাদ শুখরি নামের এক ব্যক্তি। তিনি রয়টার্সকে বলেন, যাজক যখন তাঁদের প্রার্থনা শুরু করতে বলেন, ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এর পরপরই পুরো প্রার্থনাঘর ধোঁয়ায় ভরে যায়। তিনি বলেন, ‘চারপাশে শুধু গোঙানির শব্দ। কিছুই দেখতে পাচ্ছিলাম না।’
গির্জার বাইরে সমবেত বিক্ষোভকারীরা হামলার বিচার এবং প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতি দিয়ে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করা হয়েছে। সরকার দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।
বিশ্বে ইসলাম ধর্মবিষয়ক অন্যতম শীর্ষ কর্তৃপক্ষ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়েছে। কপটিক ক্যাথলিক ধর্মীয় কর্তৃপক্ষের হানি বাখুম রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘উগ্রবাদীরা ধর্মীয় বিভেদ সৃষ্টির জন্য এই হামলা চালিয়েছে। আমরা আমাদের ধর্মীয় ঐক্য অক্ষুণ্ন রাখব।’
মিসরের মোট ৯ কোটি মানুষের ১০ শতাংশ অর্থোডক্স কপটিক খ্রিষ্টান। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মিসর সরকার তাদের ওপর বৈষম্যমূলক আচরণ করে আসছে।
ইসলামিক স্টেটের (আইএস) নেতৃত্বে মিসরের প্রত্যন্ত ও বিরান উত্তর সিনাই এলাকায় জঙ্গিরা তৎপর আছে। সেখানে গত বেশ কয়েক মাসে চোরাগোপ্তা হামলায় কয়েক শ সেনা ও পুলিশ নিহত হয়েছে। এ ছাড়া কায়রো ও অন্যান্য শহরেও আইএস বিভিন্ন সময় হামলা চালিয়েছে।
এর আগে শুক্রবারই কায়রো এবং রাজধানীর উত্তরের একটি এলাকায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। ওই দুটি বিস্ফোরণে ছয়জন পুলিশ নিহত হয়। মিসরে অতিসম্প্রতি গড়ে ওঠা হাসম নামের একটি সন্ত্রাসী সংগঠন ওই বিস্ফোরণ দুটির দায় স্বীকার করেছে।
সোমালিয়ায় আত্মঘাতী হামলা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ কমান্ডার ইব্রাহিম মোহামেদ বলেন, ‘বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই বেসামরিক মানুষ। হামলাকারীরা একটি বাজার এলাকাকে বেছে নিয়েছিল।’ তিনি বলেন, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।