মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত এবং প্রায় দেড় শ লোক আহত হয়েছে। গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে আলেকজান্দ্রিয়ার খোরশেদ স্টেশনের কাছে এসে ট্রেন দুটির সংঘর্ষ হয়। একটি ট্রেন কায়রো থেকে ছেড়ে আসছিল। অন্যটি পোর্ট সাইদ থেকে ছেড়ে আসে। একটি সূত্র জানায়, মানবসৃষ্ট ভুল থেকে এ দুর্ঘটনা ঘটে। খুব সম্ভবত রেললাইন পরিবর্তনের ক্ষেত্রে ভুলের কারণে সংঘর্ষ হয়। মিসরের পরিবহনমন্ত্রীও একই তথ্য দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০ জন নিহত এবং ১০০ জন আহত হওয়ার খবর জানালেও পরবর্তী সময়ে ৪২ জনের নিহত হওয়ার তথ্য জানায়।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে মানুষের ভিড় এবং মাটিতে লাশ পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।