মিসরে পুলিশের জন্য কঠিন শাস্তি
মানবাধিকার লঙ্ঘন করলে নতুন আইন অনুসারে ১৫ দিনের মধ্যে পুলিশকে কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রাজধানী কায়রোতে ভাড়া নিয়ে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে একজন ট্যাক্সিচালক নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি দিলেন।
আজ শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে জানানো হয়, সিসির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল গাফফারকে পুলিশের এ ধরনের সহিংসতা ও নিষ্ঠুর আচরণ বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মিসরে প্রায়ই পুলিশের সহিংস আচরণের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাতে কায়রোর নিরাপত্তা পরিচালকের দপ্তরের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়।
শুক্রবার ভাড়া নিয়ে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে মোহাম্মেদ আলী সাইদ ইসমাইল নামের এক ট্যাক্সিচালক নিহত হন। তাঁর লাশ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে জনতা।