মিসরে ভুল নিশানায় প্রাণ গেল ১২ পর্যটকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে পর্যটক বহনকারী একটি গাড়িবহরে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ১২ জন নিহত হয়েছেন। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভুল করে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন মেক্সিকোর পর্যটক। খবর বিবিসির।

স্বরাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পর্যটকদের বহরে চারটি গাড়ি ছিল। এই বহর পশ্চিমাঞ্চলীয় মরুভূমির ওয়াহাত এলাকার একটি সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে। এ সময় সেখানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছিল। গত রোববার যেখানে ওই ঘটনা ঘটেছে, সেখানে ‘বিদেশিদের প্রবেশাধিকার সংরক্ষিত।’

হামলার সময় ওই পর্যটকেরা সেখানে তাঁবু স্থাপনের চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় ব্যস্ত ছিলেন। তাঁরা গাড়িবহরটিকে অনুসরণ করতে গিয়ে সেগুলো জঙ্গিদের মনে করে গুলি চালান। পরে তাঁরা বুঝতে পারেন সেগুলো সাধারণ পর্যটকদের।

মিসরের পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র রাসা আজাজ বলেন, ‘পর্যটকদের ওই এলাকায় যাওয়ার কোনো অনুমতিপত্র ছিল না। এ ছাড়া তাঁরা কর্তৃপক্ষকে এলাকায় যাওয়ার বিষয়টিও জানাননি।’

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন মেক্সিকোর নাগরিক বলে তারা নিশ্চিত হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিটো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি মিসর সরকারের কাছে এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন।

হামলায় আহত হয়েছেন মিসর ও মেক্সিকোর দশজন পর্যটক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিসরে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জর্জ আলভারেজ ফুয়েন্তেস স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ মিসরীয়র অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

ওয়াহাত এলাকাটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এলাকাটিতে সাম্প্রতিক সময়ে মুসলিম জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। ফলে এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়। লিবিয়ার সীমান্তসংলগ্ন এলাকাটিতে গত সপ্তাহে ক্রোয়েশিয়ার এক প্রকৌশলীর শিরশ্ছেদ করা হয়। জঙ্গিরা ওই ঘটনায় জড়িত বলে মনে করা হয়।