মিসরে মুরসির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে ঢোকার সময় হাত নাড়েন মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি l ছবি: রয়টার্স
আদালতে ঢোকার সময় হাত নাড়েন মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি l ছবি: রয়টার্স

কারাগার ভেঙে পালানো ও গুপ্তচরবৃত্তির অপরাধে মিসরের ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ড হয়েছে গতকাল শনিবার। ২০১১ সালে হোসনি মোবারকবিরোধী গণবিক্ষোভের সময় কারাগার থেকে পালানো আরও অন্তত ১০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। খবর এএফপি ও রয়টার্সের।
আদালতের বিচারক রায় পড়ে শোনানোর সময় কাঠগড়ায় স্থাপিত খাঁচায় বসা মুরসি মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে বিচার প্রত্যাখ্যান করেন। সহিংসতায় উসকানি দেওয়ার দায়ে আরেকটি মামলায় ইতিমধ্যে তাঁর ২০ বছরের সাজা হয়েছে।
গতকালের রায়ে আরও মৃত্যুদণ্ড হয়েছে মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ বাদি এবং তাঁর সহকারী খয়রাত আল-শাতেরের। হত্যা এবং পুলিশ অপহরণের দায়ে বাদিও আরেকটি মামলার বিচারে মৃত্যুদণ্ড পেয়েছেন। গতকালের রায়ে সাজাপ্রাপ্তদের অনেকে পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন কাতারে বসবাসরত ইসলামি নেতা ইউসুফ আল-কারাদাওয়ি।
গতকালের রায়ের ব্যাপারে আদালত আগামী ২ জুন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। মিসরে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির অনুমোদন নিতে হয়।
মুরসি এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। যদিও তিনি ওই আদালতকেই অবৈধ আখ্যা দিয়েছেন। মুরসির অভিযোগ, তাঁর বিরুদ্ধে সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে সামরিক অভ্যুত্থানের অংশ হিসেবে। ২০১৩ সালে তখনকার সেনাপ্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ওই অভ্যুত্থানের মাধ্যমে মিসরের ক্ষমতা দখল করেন।
‘আরব বসন্ত’ নামে পরিচিত গণজাগরণের ফল হিসেবে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। তবে তাঁর শাসনামলের এক বছর ঘুরতে না ঘুরতেই বিভিন্ন কারণে গণবিক্ষোভ শুরু হয়।
ব্রাদারহুডের নিন্দা: ইসলামপন্থী মুরসির সমর্থক দল মুসলিম ব্রাদারহুডের নেতা আমার দারাগ গতকালের রায়ের নিন্দা জানিয়েছেন। তিনি মুরসির মৃত্যুদণ্ড ঠেকানোর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। দারাগ তুরস্কের ইস্তাম্বুলে রয়টার্সকে বলেন, ‘এটি রাজনৈতিক রায়। এর মাধ্যমে একটি হত্যাকাণ্ড ঘটতে যাচ্ছে।’
ব্রাদারহুডের নেতা-কর্মীসহ সরকারবিরোধীদের নির্যাতনের ঘটনায় মিসরের সরকারকে দায়ী করেছে মানবাধিকার সংগঠনগুলো। তবে কায়রো সরকার এসব অভিযোগ অস্বীকার করে।
এরদোয়ানের নিন্দা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়ায় দেশটির আদালতের সমালোচনা করে বলেছেন, জনপ্রিয় ও নির্বাচিত প্রেসিডেন্টকে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা ‘প্রাচীন মিসরে’ ফিরে যাওয়ার মতো ব্যাপার।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিমা বিশ্ব এখনো সিসির অভ্যুত্থানের ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। তারা নিজেদের দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করলেও মিসরে মৃত্যুদণ্ড হলে দর্শকের ভূমিকা পালন করে।